
যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম বৃদ্ধি পাওয়ায় ডলারের মান কমেছে। আর অক্টোবরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াবে না বলে ইঙ্গিত পাওয়া গেছে। এতে করে সুদবিহীন সম্পদ সোনার বাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০৯ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। আর মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৪১ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।
ব্যবসায়ী তাই ওং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ফেডারেল রিজার্ভ বর্তমানে স্পষ্টভাবে মূল্যস্ফীতির ওপর নজর রাখছে। এই তথ্য অক্টোবরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা আরও কমাবে। ফলে সোনার বাজারে কিছুটা গতি দেখা যাবে।’
অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬১ দশমিক ১৫ ডলার হয়েছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৭১১ দশমিক ৭৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ২২১ দশমিক ৩৬ ডলারে নেমেছে।
এদিকে দেশের বাজারে এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা পড়ছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরটিভি/এসএস


