ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হারসংক্রান্ত সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগকারীদের অপেক্ষার মধ্যে বিশ্ববাজারে সোনার দাম কিছুটা বেড়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ আন্তর্জাতিক বাজারে তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চ অবস্থান থেকে নেমে আসায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য ও চলতি বছরের শেষ দিকে সুদের হারের গতিপথ মূল্যায়ন করছেন বিনিয়োগকারীরা।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৪১ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম আগের তুলনায় ০.৪ শতাংশ বেড়ে ৪ হাজার ১৮১ ডলার ৮৪ সেন্টে দাঁড়ায়।

একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর সরবরাহের সোনার ফিউচার দর ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২০২ ডলার ৭০ সেন্টে পৌঁছায়।

রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও শুল্কে ছাড় দেওয়ার পর দেশটি থেকে জ্বালানি রপ্তানি বাড়তে পারে-এমন সম্ভাবনা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে মুনাফা তুলে নিতে শুরু করেন বিনিয়োগকারীরা। ফলে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম পাঁচ মাসের সর্বোচ্চ অবস্থান থেকে কমে আসে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও উৎপাদক মূল্যসূচক (পিপিআই) প্রত্যাশার চেয়ে বেশি ছিল। জ্বালানির, বিশেষ করে পেট্রলের দাম বৃদ্ধি মূল্যস্ফীতির এ চিত্রে ভূমিকা রেখেছে। তবে তেলের দাম কমে আসায় মূল্যস্ফীতির চাপ নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে, যা সোনার বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সপ্তাহের শুরুতে সোনার দামে সামান্য বৃদ্ধি দেখা যাচ্ছে। মূল্যস্ফীতির দৃষ্টিকোণ থেকে তেলের দামে নরম প্রবণতা সোনার বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

তিনি আরও বলেন, নিকট ভবিষ্যতে তেলের দাম ধারাবাহিকভাবে কমতে থাকলে অথবা যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহার স্পষ্টভাবে নিম্নমুখী হলে স্বর্ণের বাজার আরও ইতিবাচক পরিস্থিতি পেতে পারে। এতে মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে উদ্বেগ কমবে।

এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের ফেডারেল ওপেন মার্কেট কমিটির সুদের হারসংক্রান্ত বৈঠক এবং আগামী সপ্তাহে প্রকাশিতব্য ব্যক্তিগত ভোগ ব্যয় (পিসিই) মূল্যসূচকের দিকে। মূল্যস্ফীতির দীর্ঘমেয়াদি লক্ষ্য ২ শতাংশের সঙ্গে অর্থনীতির পরিস্থিতি কতটা সামঞ্জস্যপূর্ণ, তা মূল্যায়নে পিসিই সূচককে গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচনা করে ফেডারেল রিজার্ভ।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি অক্টোবরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ১৫ শতাংশ বলে মনে করছেন বাজারের ব্যবসায়ীরা। ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা তারা ধরছেন ৮৯ শতাংশ।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে সোনাকে বিবেচনা করা হয়। তবে সোনা থেকে নিয়মিত সুদ বা আয় পাওয়া যায় না। তাই সুদের হার বাড়লে সুদ পাওয়া যায় এমন সম্পদের তুলনায় সোনার আকর্ষণ কমতে পারে।

এদিকে মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের মধ্যে অন্তত আরও একবার সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। শুক্রবার সংস্থাটি এ পূর্বাভাস দেয়।

সোনার পাশাপাশি সোমবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম প্রায় ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ ডলার ৫৩ সেন্টে দাঁড়ায়। প্লাটিনামের দাম ১.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬৫১ ডলার ৬৭ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১.৪ শতাংশ বেড়ে ১ হাজার ১২৭ ডলার ৫৯ সেন্টে পৌঁছায়।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বজনীন পেনশন নিয়ে বড় সুখবর!
সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।
সর্বজনীন পেনশন নিয়ে বড় সুখবর!
এলডিসি উত্তরণ পেছাচ্ছে তিন বছর, প্রস্তুত কর্মপরিকল্পনা
মন্ত্রী বলেন, বাড়তি সময়কে প্রস্তুতির কাজে লাগাতে কর্মপরিকল্পনা তৈরি করেছে সরকার। উত্তরণের আগেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা শেষ করার লক্ষ্যও রয়েছে।
এলডিসি উত্তরণ পেছাচ্ছে তিন বছর, প্রস্তুত কর্মপরিকল্পনা
‘কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সুরক্ষা জোরদারই সরকারের অর্থনৈতিক সংস্কারের লক্ষ্য’
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ‘ইএসজি প্লাটফর্ম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সুরক্ষা জোরদারই সরকারের অর্থনৈতিক সংস্কারের লক্ষ্য’
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা কার্যকরের পরিকল্পনা থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসায় তেলের বাজারে এ নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। সোমবার (১৯ অক্টোবর) এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৮০ ডলারে নেমে আসে। এর আগে, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছিল। গত শুক্রবার লেনদেন শেষে অপরিশোধিত তেলের দাম গত ১৯ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তবে শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে রাশিয়াসংশ্লিষ্ট কয়েকটি নতুন নিষেধাজ্ঞা কার্যকরের পরিকল্পনা স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়সীমার আগেই নেওয়া এ সিদ্ধান্তের ফলে রাশিয়ার রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ এবং দেশটির জ্বালানি তেল ও গ্যাস আমদানির ক্ষেত্রে সম্ভাব্য শাস্তিমূলক পদক্ষেপ কার্যকরের পরিকল্পনা থেকে সরে আসে মার্কিন প্রশাসন। রাশিয়ার জ্বালানি খাতের ওপর নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকটের উদ্বেগ তৈরি করেছিল। বাজারসংশ্লিষ্টদের ধারণা ছিল, নতুন বিধিনিষেধ কার্যকর হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যেতে পারে। এ আশঙ্কায় গত কয়েক দিনে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়। কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় সেই উদ্বেগ কিছুটা কমেছে। ফলে সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা প্রশমিত হওয়ার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে পতন দেখা দিয়েছে। আরটিভি/এসকে
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
আজ সারা দেশে বন্ধ থাকবে সোনার দোকান
শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) সারা দেশের সব জুয়েলারি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ সারা দেশে বন্ধ থাকবে সোনার দোকান
আরও পড়ুন
ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত 
নিউইয়র্কে নৃত্যশিল্পী তাহসিন মারা গেছেন 
মধ্যপ্রাচ্যে ইরান আতংক, একযোগে তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কতা
যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার চিঠি পেলে যা করবেন