আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। যেহেতু দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এই সময়কালে প্রতিষ্ঠানের জানমাল ও যন্ত্রপাতির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা জারি করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অধিদপ্তরের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি জরুরি অফিস আদেশ জারি করা হয়।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে, ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ল্যাবরেটরি, ওয়ার্কশপ এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিশেষ করে কারিগরি প্রতিষ্ঠানগুলোতে অত্যন্ত ব্যয়বহুল ও স্পর্শকাতর যন্ত্রপাতি থাকায় সেগুলোর নিরাপত্তা ব্যবস্থার ওপর বাড়তি নজর দিতে বলা হয়েছে।
অধিদপ্তর বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে চিহ্নিত করে সব প্রতিষ্ঠানের প্রধানকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, এই দীর্ঘ ছুটিতে প্রতিটি প্রতিষ্ঠানে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করতে হবে এবং দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি সুনির্দিষ্ট ‘ডিউটি রোস্টার’ বা দায়িত্ব পালনের তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকার মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিশ্চিত করতে চায়, ছুটির দিনগুলোতেও কোনো ল্যাব বা ওয়ার্কশপ অরক্ষিত থাকবে না। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এই রোস্টার প্রস্তুত করে পরবর্তী কার্যক্রম সম্পর্কে দ্রুত পরিচালককে (প্রশাসন) অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আরটিভি/এআর




