ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠদান ও গবেষণা তথ্য পেতে রুয়েট শিক্ষার্থীর উদ্যোগ ‘ফ্যাকাল্টি রিভিউ’

রুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পিএম
ছবি : আরটিভি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকদের উচ্চশিক্ষা, গবেষণার ক্ষেত্র ও অর্জন সম্পর্কে তথ্য এক জায়গায় পাওয়া এবং পাঠদান নিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করতে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। ‘রুয়েট ফ্যাকাল্টি রিভিউ’ নামের প্ল্যাটফর্মটি তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আজহার আলী।

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার পরিকল্পনায় সহায়তা করার পাশাপাশি গঠনমূলক মতামত বিনিময়ের মাধ্যমে পাঠদানের মান উন্নয়নে ভূমিকা রাখাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানান উদ্যোক্তা শিক্ষার্থী। প্ল্যাটফর্মটিতে রুয়েটের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, উচ্চশিক্ষা, গবেষণার আগ্রহ, অভিজ্ঞতা ও অর্জন সম্পর্কে তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবেন, বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক কোন দেশ থেকে স্নাতকোত্তর বা পিএইচডি করেছেন এবং বর্তমানে কোন দেশের কোন বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। ফলে বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ ও সম্ভাব্য বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার সুযোগ তৈরি হবে।

এছাড়াও শিক্ষার্থীরা নিজেদের পছন্দের গবেষণার বিষয় অনুযায়ী রুয়েটের সংশ্লিষ্ট শিক্ষকদের খুঁজে দেখতে পারবেন। কোনো নির্দিষ্ট বিষয়ে গবেষণা করতে আগ্রহীরা ওই বিষয়ে কাজ করা শিক্ষকদের সম্পর্কে জানতে পারবেন। এতে গবেষণার বিষয় নির্বাচন, সংশ্লিষ্ট শিক্ষকের গবেষণাক্ষেত্র সম্পর্কে ধারণা নেওয়া এবং সম্ভাব্য গবেষণা তত্ত্বাবধায়ক খুঁজে পাওয়ার প্রক্রিয়াও সহজতর হবে বলে দাবি উদ্যোক্তা শিক্ষার্থী আজহারের।

প্ল্যাটফর্মটির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো শিক্ষক রিভিউ। অনেক সময় শিক্ষার্থীরা সরাসরি শিক্ষকদের কাছে পাঠদান পদ্ধতি নিয়ে নিজেদের অভিজ্ঞতা বা পরামর্শ প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এ ক্ষেত্রে প্ল্যাটফর্মটি তাদের মতামত জানানোর বিকল্প মাধ্যম হিসেবে কাজ করতে পারে। শিক্ষার্থীরা শিক্ষকদের পাঠদানের ইতিবাচক দিক তুলে ধরে প্রশংসা করার পাশাপাশি গঠনমূলক মতামতের মাধ্যমে উন্নতির ক্ষেত্রগুলোও চিহ্নিত করতে পারবেন।

উদ্যোক্তার মতে, এ ধরনের অভিজ্ঞতা বিনিময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে পারে। শিক্ষার্থীদের গঠনমূলক মতামত শিক্ষকদের পাঠদান পদ্ধতি পর্যালোচনা ও উন্নয়নের সুযোগ তৈরি করতে পারে। তার মূল লক্ষ্য শুধু শিক্ষকদের মূল্যায়ন করা নয়; বরং তাদের উচ্চশিক্ষা, গবেষণা ও অর্জন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য এক জায়গায় এনে শিক্ষার্থীদের উপকৃত করা এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখা।

পরিচয় প্রকাশ না করে রিভিউ দেওয়ার ব্যবস্থাও রয়েছে প্ল্যাটফর্মটিতে। রিভিউদাতার নামের পরিবর্তে ওয়েবসাইটে ‘এনোনিমাস স্টুডেন্ট’ দেখানো হয়। উদ্যোক্তার দেওয়া তথ্য অনুযায়ী, ব্যবহারকারীর গোপনীয়তা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে পরিচয় গোপন রেখে মতামত প্রকাশের ব্যবস্থা তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে আর্গন২আইডি ও ইউজার-সেন্ট্রিক সিক্রেট প্রাভেসি মেকানিজম নিয়ে কাজ করা হয়েছে, যেখানে আজহার আলী তার বন্ধুর কারিগরি সহায়তা পেয়েছেন।

এ বিষয়ে প্ল্যাটফর্মের উদ্যোক্তা ও রুয়েট শিক্ষার্থী মো. আজহার আলী বলেন, রুয়েটের শিক্ষকদের উচ্চশিক্ষা, গবেষণা ও অর্জন সম্পর্কে তথ্য এক জায়গায় এনে শিক্ষার্থীদের জন্য সহজলভ্য করাই আমার মূল লক্ষ্য ছিল। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহের গবেষণাক্ষেত্র অনুযায়ী শিক্ষক খুঁজে পাবেন এবং বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কেও ধারণা পাবেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গঠনমূলক মতামত বিনিময়ের মাধ্যমে পাঠদানের মান উন্নয়নেও প্ল্যাটফর্মটি ভূমিকা রাখতে পারে।

প্রজেক্টটির ডকুমেন্টেশন ও ডেটাবেসের কাঠামো সম্পর্কে জানার জন্য গিটহাবে একটি প্রকাশ্য রিপোজিটরি রাখা হয়েছে। তবে এটি পূর্ণাঙ্গ ওপেন-সোর্স প্রকল্প নয়; গুরুত্বপূর্ণ কিছু কারিগরি বাস্তবায়ন প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য ‘রুয়েট ফ্যাকাল্টি রিভিউ’ রুয়েট প্রশাসনের আনুষ্ঠানিক বা অনুমোদিত কোনো প্ল্যাটফর্ম নয়। এটি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীর উদ্যোগে তৈরি একটি স্বতন্ত্র ডিজিটাল প্রকল্প। শিক্ষকদের উচ্চশিক্ষা, গবেষণা ও অর্জনের তথ্য সহজলভ্য করা এবং পাঠদান নিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখাই এর উদ্দেশ্য।

প্ল্যাটফর্মটি ব্যবহার করা যাবে ‘রুয়েট ফ্যাকাল্টি রিভিউ’ এর ওয়েবসাইটে (https://www.ruetfacultyreview.site)। প্রকল্পের প্রকাশ্য ডকুমেন্টেশন ও ডেটাবেসের কাঠামো দেখা যাবে ‘গিটহাব রিপোজিটরিতে’ (https://github.com/Ajhar146/ruet-faculty-review-public.git)।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়, আবাসিক সুবিধার বাইরে ৮৩ শতাংশ শিক্ষার্থী
প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে ৪৮-এ পদার্পণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়, আবাসিক সুবিধার বাইরে ৮৩ শতাংশ শিক্ষার্থী
গবেষণার মানোন্নয়নে মাভাবিপ্রবির রসায়ন বিভাগে দিনব্যাপী কর্মশালা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘Good Laboratory Practice and Motivation towards Scientific Research’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
গবেষণার মানোন্নয়নে মাভাবিপ্রবির রসায়ন বিভাগে দিনব্যাপী কর্মশালা
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জবিতে ৬২ প্রজাতির ফল নিয়ে উৎসব করবে ছাত্রদল
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ৬২ প্রজাতির ফল নিয়ে উৎসব, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ এবং বৃক্ষরোপণ। শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল মামুন ডেনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ৬২ প্রকারের ফল নিয়ে ব্যতিক্রমী ফল উৎসবের আয়োজন করা হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে শিক্ষার্থীদের জন্য ক্রীড়াসামগ্রী বিতরণ করবে সংগঠনটি। কর্মসূচির দ্বিতীয় দিনে সোমবার (২৩ নভেম্বর) কেরানীগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে ৬২টি গাছ রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ক্যাম্পাসকে সবুজায়নের আওতায় আনাই এ উদ্যোগের উদ্দেশ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন এসব কর্মসূচি ঘোষণা করেছেন। তারেক রহমানের নেতৃত্ব, দেশ গঠনে ইতিবাচক রাজনীতির চর্চা এবং সবুজ ও স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার ভাবনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়। আরটিভি/এসআর  
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জবিতে ৬২ প্রজাতির ফল নিয়ে উৎসব করবে ছাত্রদল
পাঁচ স্থানে স্টারলিংক, সুবিধার বাইরে জবির শহীদ সাজিদ ভবন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের উচ্চগতির ইন্টারনেট সুবিধা দিতে পাঁচটি স্থানে স্টারলিংক সংযোগ চালু করেছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
পাঁচ স্থানে স্টারলিংক, সুবিধার বাইরে জবির শহীদ সাজিদ ভবন
প্রচারণার ঘাটতি ও আবাসন সংকটে বিদেশি শিক্ষার্থী টানতে ব্যর্থ জবি
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে নিজেদের পরিচিতি ও অবস্থান তৈরি করতে পারেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
প্রচারণার ঘাটতি ও আবাসন সংকটে বিদেশি শিক্ষার্থী টানতে ব্যর্থ জবি
আরও পড়ুন
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হলেন রুয়েট উপাচার্য-ছাত্রকল্যাণ পরিচালক
রুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ক্যাম্পাসে কুকুরের উৎপাতে আতঙ্ক, আহত রুয়েট শিক্ষার্থী
রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু