প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁস, তদন্তে কমিটি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ০৯:৫৩ পিএম


প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁস, তদন্তে কমিটি
ফাইল ছবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল গত ৮ জুলাই চূড়ান্ত করা হয়। প্রস্তুতকৃত ফলাফল ওয়েবপোর্টালে আপলোড করতে প্রয়োজনীয় লিংক তৈরির জন্য অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে দায়িত্ব দেওয়া হয়।

এতে আরও বলা হয়, ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে তা ওয়েবপোর্টালে আপলোড না করার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু ৯ জুলাই সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ওই লিংকসমূহে আপলোড করা হয়। অল্প সময়ে সচল থাকায় এ লিংকসমূহ থেকে সাধারণ ব্যবহারকারীরা ফলাফল ডাউনলোড করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে।

আরও পড়ুন

কর্তৃপক্ষের বিনা অনুমতিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের ঘটনার তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলকে আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অপর দুজন হলেন- সদস্য অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার জিয়াউল কবির সুমন ও সদস্যসচিব প্রশাসন-২-এর সহকারী পরিচালক মোহাম্মদ রোখসানা হায়দার।

জানা যায়, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল বৃহস্পতিবার (৯ জুলাই)। তবে, কারিগরি ত্রুটির কারণে এ ফল প্রকাশ করা সম্ভব হয়নি। অথচ, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বৃত্তি পরীক্ষার ফলাফলের খণ্ডিত অংশ ছড়িয়ে পড়েছে।

অনেক শিক্ষক ও অভিবাবক এই ফলাফল শেয়ার করে নিজের ছাত্র-ছাত্রী কিংবা সন্তানদের শুভেচ্ছাও জানিয়েছেন। কিন্তু, এ ফল সঠিক নাকি ভুয়া, তা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি।

আরটিভি/এসএইচএম  

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission