হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবি

হাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৬:৪০ এএম


হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবি
ছবি: আরটিভি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(হাবিপ্রবি)-তে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (BVSA) ও ভেটেরিনারি অনুষদের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ভেটেরিনারি টিচিং হাসপাতালের আধুনিকায়ন, ল্যাবরেটরি সরঞ্জামের নবায়ন এবং কেন্দ্রীয় অ্যানিমেল খামারে প্রাণীর প্রজাতি ও সংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

কর্মসূচির শুরুতে শিক্ষার্থীরা ভেটেরিনারি অনুষদ থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি ডিভিএম গেট হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল— 'আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত কর, দক্ষ ভেট গড়', 'আধুনিক হাসপাতাল চাই, ভেটের মান বাড়াতে চাই' এবং 'কে বাঁচাবে প্রাণিসম্পদ? দক্ষ ভেট, দক্ষ ভেট'।

আরও পড়ুন

পরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্ল্যা শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেন এবং সেখানে শিক্ষার্থীদের ৫ দফা দাবি তুলে ধরা হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. নাজমুল হাসান ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. কাউসার উপাচার্যের কাছে ৫ দফা দাবি তুলে ধরেন।

দফাগুলো হলো: ভেটেরিনারি টিচিং হাসপাতালের আধুনিকায়ন; ল্যাবরেটরির প্রয়োজনীয় সরঞ্জামের নবায়ন ও সম্প্রসারণ; আধুনিক ডায়াগনস্টিক, ক্লিনিক্যাল ও সার্জিক্যাল সুবিধা নিশ্চিতকরণ; শিক্ষার্থীদের ক্লিনিক্যাল রোটেশন, ইন্টার্নশিপ ও গবেষণার জন্য প্রয়োজনীয় প্রাণী, উপকরণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধি; এবং হাসপাতাল ও কেন্দ্রীয় অ্যানিমেল খামারের নিয়মিত রক্ষণাবেক্ষণসহ প্রয়োজনীয় জনবল ও বাজেট বরাদ্দের দাবি।

শিক্ষার্থীদের দাবিগুলো শোনার পর উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্ল্যা বলেন, আমি শিক্ষার্থীদের দাবিদাওয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। দাবিগুলো যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে ছাত্র-শিক্ষকের সমন্বয়ে একটি সুপারিশ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে এবং সেই সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission