
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা, বই প্রকাশ ও কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের জন্য ২১ শিক্ষককে ‘Research Excellence Award 2026’ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, 'গবেষণায় পুরস্কার প্রদান শিক্ষকদের আরও বেশি গবেষণায় অনুপ্রাণিত করবে। বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে গবেষণার কোনো বিকল্প নেই। একজন শিক্ষককে মহান শিক্ষক হতে হলে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের বিজ্ঞানমনস্ক ও গবেষণামুখী করে তুলতে হবে। গবেষণার জন্য গত বছর যে বরাদ্দ দেওয়া হয়েছিল, এ বছর তার চেয়ে আরও বেশি বরাদ্দ দেওয়া হবে। ইউজিসির পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা করা যায়, আমি তা করব।'
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বই বেশি প্রকাশিত হয়েছে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘অ্যাওয়ার্ড শুধু একটি পুরস্কার নয়, অ্যাওয়ার্ড হলো কর্মের স্বীকৃতি। যারা অ্যাওয়ার্ড পেয়েছেন, তারা আরও গবেষণা করতে অনুপ্রাণিত হবেন। আর যারা পাননি, তারা নতুন করে গবেষণায় উৎসাহিত হবেন। শিক্ষকদের শুধু ভালো পড়াতে জানলেই হবে না, গবেষণাও করতে হবে।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাওয়ার্ড প্রদান কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং সদস্যসচিব অধ্যাপক ড. এ এইচ এম কামাল। স্বাগত বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুষার কান্তি সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।
এবার পিএইচডি অর্জনের জন্য ৭ জন, বই প্রকাশের জন্য ৮ জন এবং কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের জন্য ৬ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরটিভি/ এসকেডি




