
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হিট (HEAT) প্রজেক্টের আওতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে শ্রেণিকক্ষ আধুনিকায়ন এবং একটি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আধুনিকায়ন করা শ্রেণিকক্ষ ও কম্পিউটার ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
আধুনিকায়নের আওতায় শ্রেণিকক্ষগুলোতে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা, ডিজিটাল বোর্ড ও ইন্টারনেট সুবিধা সংযোজন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারোপযোগী আধুনিক সুবিধাসম্পন্ন একটি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।
উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through the HEAT Project’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উপাচার্য বলেন, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী তোমরা খুবই সৌভাগ্যবান। তোমরা অত্যন্ত আধুনিক, শীতাতপনিয়ন্ত্রিত, ডিজিটাল ও স্মার্ট শ্রেণিকক্ষ পেয়েছ। তোমরা প্রথম শ্রেণির কর্মকর্তার মতো শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে ক্লাস করার সুযোগ পেয়েছ। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণির অনেক কর্মকর্তাই এখনো শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ পাননি।
তিনি আরও বলেন, তবে যে আধুনিক শ্রেণিকক্ষ তোমরা পেয়েছ, তা রক্ষা করার দায়িত্ব তোমাদের। শ্রেণিকক্ষগুলোকে শুধু স্বল্প সময়ের জন্য নয়, দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী হিসেবে বিবেচনা করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, প্রশ্ন করতে জানতে হবে এবং শিক্ষকদের প্রশ্ন করতে হবে। প্রশ্ন না করলে পুরোপুরি জ্ঞানার্জন সম্ভব নয়। না জানা বা বুঝতে না পারা কোনো দোষের বিষয় নয়। বরং না বুঝতে পারলে তা স্বীকার করে প্রশ্ন করে জেনে নেওয়াই নৈতিকতা।
তিনি বলেন, পড়াশোনা শেষ করে সবাই সরকারি চাকরি পাবে—এমন নয়। বেসরকারি খাতেও অনেক ভালো প্রতিষ্ঠান রয়েছে। সেখানে কাজ করতে গিয়ে তোমাদের যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে বিষয় বিবেচনায় নিয়ে সিলেবাস নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। তোমরা যেন দক্ষ জনশক্তি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারো।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হিট প্রজেক্টের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ময়মনসিংহ ক্যান্টনমেন্টের স্টাফ অফিসার গ্রেড-১ লেফটেন্যান্ট কর্নেল আকন মো. মেহেদি ডাইয়ান, পিএসসি এবং হিট প্রজেক্টের সিনিয়র ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. মনসুরুজ্জামান খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিট প্রজেক্টের এসপিএম ড. মো. শফিকুল ইসলাম।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজু আহমেদ, এএসপিএম।
আরটিভি/জেএমএ




