
দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমানের উদ্বোধনের মাধ্যমে এ অভিযান শুরু করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলীসহ শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন এবং সাবেক আহ্বায়ক শাহেদ আহমেদসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শাখা ছাত্রদলের সদস্যসচিব রাফিজ আহমেদ বলেন, “দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’-এর অংশ হিসেবে আজ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। এ অভিযানে আমরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করব, ফগ মেশিনের মাধ্যমে স্প্রে করব এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা করব।”
অভিযানের উদ্বোধনী বক্তব্যে উপাচার্য এ. কে. এম. মতিনুর রহমান বলেন, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ ধরনের অভিযান কার্যকর ভূমিকা রাখবে বলে আশা রাখি। অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের ধন্যবাদ জানাই। পাশাপাশি ক্যাম্পাসের সব শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী-কর্মচারী সবাই মিলে সম্মিলিতভাবে ক্যাম্পাসকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করব। সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত ক্যাম্পাস উপহার দিতে। যেহেতু ডেঙ্গু এডিস মশার মাধ্যমে ছড়ায়, আর এডিস মশা দিনের বেলায় কামড়ায়, তাই এদের প্রতিহত করতে এদের উৎসে অভিযান চালাতে হবে। যেখানে এই মশা জন্মায়, সেখানে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং এর জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে।
আরটিভি/টিআর




