
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাসে র্যাগিং, সিট দখল, বাস কমিটির প্রভাব, ধূমপান ও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস। এসব অনিয়মে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরিবহন অফিসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাসে সিট দখল, ঝগড়া-বিবাদ, গালাগালি, অশোভন আচরণ কিংবা অন্য কোনো শিক্ষার্থীকে হয়রানি না করার কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়, সিনিয়র-জুনিয়র বা নবীন শিক্ষার্থীদের বাসের সিটে বসতে বাধা দেওয়া, বাস কমিটির প্রভাব খাটিয়ে কাউকে হয়রানি করা কিংবা কোনো ধরনের র্যাগিংয়ের ঘটনায় জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী কঠোর প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি জবির পরিবহন ব্যবস্থায় বাস কমিটির প্রভাব, সাধারণ শিক্ষার্থীদের সিট দখল এবং বাসে ধূমপানসহ বিভিন্ন অনিয়মের বিষয় নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব বিষয়ে সতর্কতা জারি করেছে পরিবহন অফিস।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বাসে ধূমপান ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বাসে শৃঙ্খলা বজায় রাখা এবং অন্য শিক্ষার্থীদের যাতায়াতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাসের সময়সূচি ও পরিচালনাসংক্রান্ত নিয়ম যথাযথভাবে অনুসরণের পাশাপাশি চালক ও পরিবহনকর্মীদের নির্ধারিত সময়ের আগে বাস প্রস্তুত রাখা এবং দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আরটিভি/টিআর


