
আন্তর্জাতিক মেরিটাইম দিবস-২০২৬ উপলক্ষে মেরিটাইম লজিস্টিকস ও পরিবহন খাতে অসামান্য গবেষণামূলক অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ মুজাহেদ হোসেন চৌধুরী। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তর তাকে এ সম্মাননা প্রদান করে।
ড্রাই পোর্টের পরিচালনগত দক্ষতা পরিমাপ বিষয়ক একটি গবেষণার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়। আন্তর্জাতিক গবেষণাপত্র ‘জার্নাল অব শিপিং অ্যান্ড ট্রেড’-এ প্রকাশিত গবেষণাটিতে ড্রাই পোর্টের কার্যক্ষমতা মূল্যায়নের জন্য একটি কার্যকর মডেল উদ্ভাবন করা হয়েছে। গবেষকদের মতে, মডেলটি মেরিটাইম খাতের গবেষণা ও বাস্তব প্রয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গবেষণাটিতে মোহাম্মদ মুজাহেদ হোসেন চৌধুরীর সঙ্গে গবেষক হিসেবে আরও ছিলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা আজিজ শাহীন, প্রভাষক হুমায়ুন রাশিদ আসকারী ও রাজীব সাহা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক শাকিল হুদা।
গবেষণাটিতে মোহাম্মদ মুজাহেদ হোসেন চৌধুরীর সঙ্গে গবেষক হিসেবে আরও ছিলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা আজিজ শাহীন, প্রভাষক হুমায়ুন রাশিদ আসকারী ও রাজীব সাহা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক শাকিল হুদা।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় মোহাম্মদ মুজাহেদ হোসেন চৌধুরী বলেন, এই স্বীকৃতি তার জন্য অত্যন্ত গৌরবের ও সম্মানের। বাংলাদেশে মেরিটাইম বিষয়ক গবেষণায় ভবিষ্যতে আরও বেশি অবদান রাখতে এ অর্জন তাকে অনুপ্রাণিত করবে।
গবেষণায় অবদান রাখা সহগবেষকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তিনি নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, নৌপরিবহন মন্ত্রণালয় এবং প্রাতিষ্ঠানিক ও আর্থিক সহায়তার জন্য বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আন্তর্জাতিক মেরিটাইম দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে নৌপরিবহন মন্ত্রণালয় ও নৌপরিবহন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘ওয়ার্ল্ড মেরিটাইম ডে-২০২৬’ উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খন্দকার মেসবাহ-উল-আজিম।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি, দেশি-বিদেশি শিপিং লাইন ও মেরিটাইম খাতের পেশাজীবীরা উপস্থিত ছিলেন। এ সময় দেশের সমুদ্র খাতের অগ্রযাত্রার পাশাপাশি মেরিটাইম গবেষণা, প্রযুক্তিগত উৎকর্ষতা ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করা হয়।
আরটিভি/ এসকেডি




