
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে ৭ম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, ধূপখোলায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ৩৮টি বিভাগের সবগুলো থেকেই ছেলেদের দল অংশ নিচ্ছে। পাশাপাশি ২২টি বিভাগের মেয়েদের দলও এতে অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের সফল সমাপ্তি কামনা করা হয়। একই সঙ্গে প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
আয়োজকেরা জানান, ধারাবাহিকভাবে বিভিন্ন বিভাগের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ অক্টোবর প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হতে পারে।
উদ্বোধনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রতিযোগিতায় নিজেদের বিভাগের হয়ে অংশ নিয়ে শিক্ষার্থীরা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামছেন।
আরটিভি/টিআর




