
নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেছা হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও নবাব ফয়জুন্নেছা হল সংসদের যৌথ উদ্যোগে এবং ন্যাশনাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
‘নারীর স্বাস্থ্য, সচেতনতা থেকে সুরক্ষা’ স্লোগান সামনে রেখে আয়োজিত এ ক্যাম্পে প্রায় তিন শতাধিক নারী শিক্ষার্থী গাইনোকোলজি, ডার্মাটোলজি ও মেডিসিন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিনা মূল্যে ওষুধও দেওয়া হয়।
ক্যাম্পে নারী শিক্ষার্থীদের বন্ধ্যাত্ব, প্রসূতি ও স্ত্রীরোগ, ত্বক, চুল ও নখ এবং মেডিসিনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। সেবা প্রদান করেন ন্যাশনাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের বন্ধ্যাত্ব, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. নাইমা আক্তার, গাইনি বিশেষজ্ঞ ডা. সুলতানা রওশন এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফারজিন আক্তারসহ বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, ছাত্রী হলে এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের ফলে নারী শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত স্বাস্থ্যসমস্যা নিয়ে চিকিৎসকদের সঙ্গে সহজে কথা বলার সুযোগ পাবেন। এটি তাদের সুস্থতা নিশ্চিত করতে সহায়ক হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে আগেও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তবে ছাত্রী হলে আয়োজনের কারণে শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত সমস্যাগুলো আরও স্বাচ্ছন্দ্যে চিকিৎসকদের জানাতে পারবেন। চিকিৎসকেরা যেন চিকিৎসাসেবার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির বিষয়গুলোও আলাদাভাবে বুঝিয়ে বলেন, সে প্রত্যাশাও জানান তিনি।
নবাব ফয়জুন্নেছা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস. এম. রফিকুল ইসলাম বলেন, নারীদের সুস্থতা নিশ্চিত করা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পরিবার ও সমাজকে সুস্থ রাখতে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ কারণে ক্যাম্পে গাইনোকোলজি, ডার্মাটোলজি ও মেডিসিন এই তিন বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সুস্থ নারী শিক্ষার্থীরা দিতে পারে সুস্থ ক্যাম্পাস, সুস্থ পরিবার, সুস্থ সমাজ ও সুস্থ বাংলাদেশ।
উদ্বোধনী আয়োজনের পর নারী রোগ ও প্রসূতিসেবা এবং ত্বক, চুল ও স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনের সময় চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চাকসু ও নবাব ফয়জুন্নেছা হল সংসদের প্রতিনিধিদের পাশাপাশি ন্যাশনাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আবাসিক নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
আরটিভি/এমএ


