
আর্থিক সংকট ও প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাবে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য সহায়ক ও মানবিক পরিবেশ তৈরির লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘নৈতিক অভিভাবকত্ব: আত্মিক সম্পর্কের ভিত্তিতে নৈতিক সমাজ বিনির্মাণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
সেমিনারে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ট্রাস্টি সদস্য কাজী শহিদুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ড. ফারজানা আহমেদ, সহযোগী অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর ও প্রক্টর (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দিনসহ শিক্ষকরা বক্তব্য দেন। প্রস্তাব উপস্থাপন করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ড. মো. মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন ট্রাস্টের ক্যাম্পাস গার্ডিয়ান সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক।
কাজী শহিদুল ইসলাম বলেন, আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি তাদের মানসিক সমর্থন ও সঠিক দিকনির্দেশনা প্রয়োজন। সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নৈতিক সমাজ গঠনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। রাষ্ট্রের উন্নয়ন শুধু অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে নয়, নৈতিক উন্নয়নের মাধ্যমেও বিবেচনা করা উচিত বলে উল্লেখ করেন তিনি।
সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক বলেন, মোরাল প্যারেন্টিংকে শুধু অনুদান হিসেবে দেখতে চাই না। এটি পারস্পরিক দায়িত্ববোধ ও সহযোগিতার একটি ধারাবাহিক প্রক্রিয়া। মানুষের মানসিক সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আরটিভি/টিআর




