
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান সড়কের বেহাল দশা ও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে সড়কের গর্তে চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। এ সময় তার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীসহ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রধান সড়কের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়ক সংস্কারের পাশাপাশি পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের দাবিতে হাতে মোমবাতি নিয়েও প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা।
বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে খানাখন্দ ও ভাঙনের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান সড়ক হওয়া সত্ত্বেও সেখানে পর্যাপ্ত সড়কবাতি না থাকার অভিযোগও রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, ভাঙা সড়ক ও পর্যাপ্ত আলোর অভাবে চলাচলে ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।
সড়কটি সংস্কারের দাবিতে বিভিন্ন সময়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান সংস্কারকাজ শুরু হয়নি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সড়কটিতে পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের দাবি জানান তারা।
চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক। অথচ সড়ক ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে আমাদের ২৮ হাজার শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ এখনো দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করেনি।
তিনি আরও বলেন, পুরো সড়কে পর্যাপ্ত সড়কবাতি না থাকায় বিভিন্ন সময় চুরি, ছিনতাই এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। তাই দ্রুত সড়ক সংস্কার ও সড়কবাতি স্থাপনের দাবিতে আজকের এই প্রতীকী প্রতিবাদ জানানো হয়েছে।
সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে সমন্বয় করে দ্রুত সড়ক সংস্কার এবং সড়কবাতির ব্যবস্থা করতে কার্যকর উদ্যোগ নেবে—এটাই আমাদের প্রত্যাশা।
আরটিভি/টিআর




