
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির নেতৃত্বে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সংগঠনটির সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের ভিত্তি রচিত হয়েছিল ২০০৬ সালের ২৮ অক্টোবর, ২০১৩ সালের ৫ মে এবং শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগের মাধ্যমে। আবরার ফাহাদের আদর্শ ও রক্তের ওপর দাঁড়িয়ে অর্জিত স্বাধীনতা ক্ষুণ্ন করে কেউ রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে পারবে না।
তিনি বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ইন্ধনে আবরার হত্যার রায় বাস্তবায়ন করা হয়নি। পরবর্তী অন্তর্বর্তী সরকারও খুনিদের রায় বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তাই আবরার ফাহাদের হত্যাকাণ্ডের যে রায় হয়েছে, তা দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। তাঁর ৭ম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আবরার হত্যার রায় দ্রুত কার্যকর এবং ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদমুক্ত, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার দাবি জানায় সংগঠনটি।
আরটিভি/টিআর



