
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ৯১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত পরিসংখ্যান বিভাগের নাম পরিবর্তন করে ‘পরিসংখ্যান এবং উপাত্ত বিজ্ঞান’ করা হবে। আর সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ফোকলোর বিভাগের নাম পরিবর্তন করে ‘ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ’ নামকরণের সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত পরবর্তী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।
চাকরির সুযোগ বৃদ্ধি ও যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে বিভাগ দুটির নামের সঙ্গে বিভাগ-সংশ্লিষ্ট বিষয় যুক্ত করে নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এ বিষয়ে তারা উপাচার্য ও ডিনের কাছে স্মারকলিপি প্রদান, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের ২৭ নভেম্বর ৯০তম সিন্ডিকেট সভায় বিভাগ দুটির নাম পরিবর্তন উপযুক্ত কি না, তা যাচাই করতে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৯১তম সিন্ডিকেট সভায় নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদিত হয়।
পরিবর্তিত নামের সঙ্গে বিভাগের কারিকুলামও পরিবর্ধন করা হলে যুগোপযোগী জ্ঞান অর্জনের পাশাপাশি চাকরির বাজারে শিক্ষার্থীরা এগিয়ে থাকবেন বলে মনে করছেন তারা।
পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে ডেটা সায়েন্সে আমাদের জ্ঞানের পরিধি বাড়বে। পাশাপাশি এই অটোমেশনের যুগে আমরাও এগিয়ে থাকব। বিভাগে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের জন্য এটি সুফল বয়ে আনবে। প্রশাসনকে যথাযথ সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই।
ফোকলোর বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, আমাদের কাজ সামাজিক উন্নয়ন নিয়ে। কিন্তু বিভাগের নামে এটি উল্লেখ না থাকায় চাকরির বাজারের অনেক জায়গায় আবেদনের সুযোগ পেতাম না আমরা। নামের এই পরিবর্তন আমাদের এগিয়ে রাখবে বলে বিশ্বাস করি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা।
আরটিভি/টিআর




