
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তৃতীয় পর্যায়ে ১ম সংশোধিত উন্নয়ন প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা ও চলমান উন্নয়নকাজের সাইট পরিদর্শন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের সভাপতিত্বে উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরবর্তী সময়ে সরেজমিনে পরিদর্শন করেন প্রতিনিধিদল।
সভায় কমিটির সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের যুগ্ম সচিব মো. রুহুল আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, মাউশি বিভাগের উপপরিচালক রোকসানা লায়লা, যুগ্ম সচিব এস এম ইমরুল হাসান এবং সিনিয়র সহকারী পরিচালক মোশারফ হোসেন।
সভায় প্রকল্পের চলমান কার্যক্রম, ভৌত অগ্রগতি, বাস্তবায়ন-সংক্রান্ত নানা বিষয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসাথে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নে গৃহীত প্রকল্পগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে এসব কাজ সুষ্ঠু ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
সভায় উপস্থিত সদস্যরা প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং অবশিষ্ট কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।
আরটিভি/ এসকেডি




