
পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বাড়াতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘ইকো অলিম্পিয়াড ও নবীনবরণ ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস (আইএএএস) বাংলাদেশের যবিপ্রবি শাখা।
আগামী ১৩ অক্টোবর দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা যায়, ইকো অলিম্পিয়াডে পরিবেশবিজ্ঞান ও দূষণ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র সংরক্ষণ, খাদ্যনিরাপত্তা, পুষ্টি ও অণুজীববিজ্ঞান, জীবপ্রযুক্তি, জেনেটিক্স ও বায়োকেমিস্ট্রি, মৎস্যবিজ্ঞান, সামুদ্রিক বিজ্ঞান, জলজ বাস্তুবিদ্যা এবং টেকসই উন্নয়ন ও পরিবেশ সচেতনতাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকবে ইনডোর প্ল্যান্ট, সনদপত্র ও উপহার। পাশাপাশি আয়োজনে তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা, আকর্ষণীয় পুরস্কার এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা পর্ব থাকবে। এদিন সংগঠনটির নবীন সদস্যদেরও বরণ করে নেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবিরের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মো. রাফিউল হাসান।
এ ছাড়া মূল বক্তা হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন।
সংগঠনটির যবিপ্রবি শাখার সমন্বয়ক মো. আশিকুল ইসলাম বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়ন সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনা গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও পরিবেশবান্ধব চিন্তাধারাকে উৎসাহিত করার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও নেতৃত্বের দক্ষতা বিকাশে ভূমিকা রাখবে। একটি সবুজ, সচেতন ও টেকসই ভবিষ্যৎ গড়তে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আইএএএসের সদস্যদের জন্য নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে। তবে সংগঠনের বাইরের অংশগ্রহণকারীদের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
আরটিভি/ এসআর




