
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা (ফেয়ারওয়েল) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় কলেজ অডিটোরিয়ামে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক সুমাইয়া খানম এবং সহযোগী অধ্যাপক তসলিমা হাসিন মুন্নি। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সালমা সুলতানা, সহকারী অধ্যাপক মারজাহান আক্তার, সহকারী অধ্যাপক উম্মে জামিলা রাবেয়া এবং প্রভাষক মোসাঃ নুরুন্নাহারসহ বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নার্গিস বেগম বলেন, 'বিদায় এক মধুর বেদনা' শেক্সপিয়রের এই বাণীর মতোই আজ গ্র্যাজুয়েশন শেষে তোমাদের নতুন যাত্রা শুরু হচ্ছে। চার বছর আগে প্রথম বর্ষে তোমরা যে অনিশ্চয়তা নিয়ে এসেছিলে, তা কাটিয়ে আজ সুশিক্ষিত, পরিপক্ক ও সৃজনশীল ব্যক্তিত্বে পরিণত হয়েছ। শিক্ষক হিসেবে তোমাদের এই অগ্রগতিই আমাদের সবচেয়ে বড় সাফল্য।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, যেকোনো সমাপ্তিই আসলে নতুন সূচনার ইঙ্গিত দেয়। পরিবার, সমাজ বা কর্মক্ষেত্রে সবসময় সৎ ও মানবিক মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং কখনো হাল ছাড়বে না। মনে রাখবে, পৃথিবীকে বদলানোর আগে নিজেকে বদলানোই আসল প্রজ্ঞা। আমাদের আশীর্বাদ সবসময় তোমাদের সাথে থাকবে; নতুন উদ্যমে এগিয়ে যাও এবং আমাদের গর্বিত করো।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের স্মারক হিসেবে ক্রেস্ট, ব্যাজ, প্যাড, ফটোফ্রেম ও কলমসহ নানা উপহারসামগ্রী দেওয়া হয়। আনুষ্ঠানিক আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনমুগ্ধকর নাচ, গান ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
আরটিভি/ এসকেডি


