
চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ভবিষ্যতে কখনও আসবো না’ এমন বিবৃতি দেননি বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
বুধবার (১৪ অক্টোবর) এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।
এর আগে, মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় প্রায় ৩০ ঘন্টা অবরুদ্ধ থাকার পর তাকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলমের উপস্থিতিতে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর চিকিৎসার জন্য মঙ্গলবার সন্ধ্যায় তাকে চট্রগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পরদিন পরিস্থিতি জানাবে।
এদিকে, ‘ক্যাম্পাসে প্রবেশ না করার শর্তে মুক্তি’ দেওয়া হয়েছে —এমন কোনো বিবৃতি তিনি দেননি বলে জানিয়েছেন উপাচার্য। তিনি বলেন, সরকারের সঙ্গে কথা হয়েছে, তাদের পূর্ণ সহযোগিতা রয়েছে। তারা দ্রুত আমার সুস্থতা কামনা করেছেন এবং দ্রুত ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
উপাচার্য ভবন থেকে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উদ্ধার করে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রায় ৩০ ঘণ্টার অবরুদ্ধ অধ্যায়ের অবসান ঘটলেও চুয়েটের মূল সংকটের সমাধান হয়নি। একদিকে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, অন্যদিকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ কর্মবিরতি ও সর্বাত্মক অসহযোগ কর্মসূচি—সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম এখনও অনিশ্চয়তার মুখে।
আরটিভি/এসএস




