
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘Good Laboratory Practice and Motivation towards Scientific Research’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে HEAT ATF Sub-Project (SP-13553) ও রসায়ন বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, গবেষণার গুণগত মান নিশ্চিত করতে আধুনিক ও নিরাপদ গবেষণাগার ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা অত্যন্ত জরুরি। শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন নয়, গবেষণার ব্যবহারিক দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সমন্বয় ঘটাতে হবে। শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ ও উদ্ভাবনী চিন্তাভাবনা তৈরিতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি গবেষণার পরিবেশ উন্নয়ন এবং মানসম্মত গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, বিশ্বে যা কিছু অর্জিত হয়েছে, তার পেছনে গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির অন্যতম প্রধান সূচক হচ্ছে গবেষণা ও উদ্ভাবন। গবেষণার ক্ষেত্রে যথাযথ পরীক্ষণ পদ্ধতি, তথ্যের নির্ভুলতা, গবেষণাগারের নিরাপত্তা এবং নৈতিকতা অনুসরণ করা অপরিহার্য। গবেষণার মাধ্যমে মানবজাতির কল্যাণ সাধন সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুছা মিয়া।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, সাভার, ঢাকার প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো. ফেরদৌস আলম এবং বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. ফরিদুল ইসলাম। তারা গুড ল্যাবরেটরি প্র্যাকটিস, গবেষণাগারের নিরাপত্তা, রাসায়নিক পদার্থের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, গবেষণার মান নিয়ন্ত্রণ এবং বৈজ্ঞানিক গবেষণার বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন।
কর্মশালার টেকনিক্যাল সেশনে HEAT ATF Sub-Project (SP-13553)-এর সাব-প্রজেক্ট ম্যানেজার (SPM) ড. মো. আবু রাশেদ উপ-প্রকল্পের অগ্রগতি সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের অবহিত করেন। এ সময় তিনি উপ-প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।
কর্মশালায় গবেষণার নৈতিকতা, বৈজ্ঞানিক তথ্যের নির্ভুলতা ও পুনরুৎপাদনযোগ্যতা, গবেষণার সমস্যা চিহ্নিতকরণ, গবেষণা-প্রশ্ন ও হাইপোথিসিস তৈরি, গবেষণার তথ্য সংরক্ষণ এবং বৈজ্ঞানিক ফলাফল উপস্থাপনের বিষয়গুলোও গুরুত্ব পায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান ড. মোহাম্মদ ইদ্রিস আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন HEAT ATF Sub-Project (SP-13553)-এর সদস্য ড. মোহাম্মদ মোসলেহ উদ্দিন। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীল ও মানসম্মত গবেষণার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে HEAT ATF Sub-Project (SP-13553)-এর আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
আরটিভি/জেএমএ


