
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহিলা ক্লাবের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬’ উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গান, নৃত্য এবং তাদের রচিত কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। এসব পরিবেশনার মধ্য দিয়ে দুই কবির সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক অবদান তুলে ধরা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক নুসরাত জাহান রানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম তাদের সৃষ্টি ও কর্মের মাধ্যমে বাংলা সাহিত্য ও উপমহাদেশের ইতিহাসে অনন্য অবদান রেখে গেছেন। সাম্য, মানবতা, নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য। তাদের শুধু জন্মজয়ন্তীতে নয়, নিজেদের চিন্তা, বিশ্বাস ও কর্মের মধ্য দিয়ে প্রতিনিয়ত স্মরণ করতে হবে।
উপাচার্য আরও বলেন, মহিলা ক্লাবের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী। সংগঠনটির কার্যক্রমের উত্তরোত্তর উৎকর্ষতা কামনা করে তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন মহিলা ক্লাবের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
মহিলা ক্লাবের সভাপতি সানজিদা আহমেদ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম ভিন্নধারার কবি হলেও বাংলা সাহিত্য ও মানবতার জগতে দুজনই সমানভাবে গুরুত্বপূর্ণ। নজরুলের সাম্য, বিদ্রোহ ও মানবতাবাদী চেতনা এবং রবীন্দ্রনাথের সাহিত্য, সংগীত ও মানবিক দর্শন আমাদের আলোকিত সমাজ গঠনে অনুপ্রাণিত করে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম, কলেজ পরিদর্শক অধ্যাপক ড. আমীরুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ছাবেরুজ্জামান, মহিলা ক্লাবের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
আরটিভি/ এসকেডি


