
দায়িত্ব শেষ হওয়ার ৮ দিন পর ফেসবুকে পোস্ট দিয়ে নিজের দপ্তর ছাড়লেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) আলোচিত-সমালোচিত সদ্য সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।
বুধবার (৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড একাউন্টে এক পোস্টে জানান তিনি।
ফেসবুক পোস্টে আম্মার লেখেন, প্রিয় রাবিয়ানরা! আপনারা আমার মতো নগন্য মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করে এই সম্মান দিয়েছিলেন। আমি আপনাদের জন্য নিজের সামর্থ্য,সময়,শ্রম দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি। অনেক ভুল করেছি, সেগুলোর জন্য আপনাদের নিকট আন্তরিক ক্ষমাপ্রার্থী। আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ। আমাকে আপনারা একটা নতুন জীবন দিয়েছেন। আপনারা আমাকে নির্বাচিত না করলে হয়তোবা নীরবে নিভৃতে হারিয়ে যেতাম কচুরিপানার মতো।
তিনি লেখেন, প্রশাসনের চিঠি অনুযায়ী আজ ০৪ নভেম্বর রাকসুর চাবি এবং আসবাবপত্র হস্তান্তরের কথা। আলহামদুলিল্লাহ বড় একটা দায়িত্ব থেকে মুক্ত আমি। শেষ সময়টা ভাগ করে নিলাম আমার ১বছরের সঙ্গী রাকসুর কর্মকর্তা,কর্মচারী ভাইদের সাথে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। এখন থেকেই পরবর্তী রাকসুর লড়াই এবং বিগত ০৯দফা আন্দোলনের লড়াই চলবে রাবি সংস্কার আন্দোলন প্লাটফর্মে।
তিনি আরও লেখেন, আমি এখান থেকে আন্দোলন চালিয়ে যাবো আর শিক্ষার্থী ভাই-বোনেরা ইমার্জেন্সি যেকোনো সমস্যায় আমাকে স্মরণ করবেন। শিক্ষার্থীদের ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো ইনশাআল্লাহ নভোকালচার প্লাটফর্মে সলভ করার চেষ্টা করবো।
আরটিভি/জেএমএ


