
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপনকে সামনে রেখে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে পুরো ক্যাম্পাস। আবাসিক হল, একাডেমিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঝলমল করছে রঙিন আলোয়। আগামী ১৮ নভেম্বরের এ আয়োজনে প্রায় এক থেকে দেড় লাখ মানুষের সমাগম হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি কেন্দ্রীয় খেলার মাঠে চলছে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণসহ শেষ মুহূর্তের প্রস্তুতি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, হীরকজয়ন্তীর মূল অনুষ্ঠানস্থল কেন্দ্রীয় খেলার মাঠজুড়ে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি এসআরবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পুরো অনুষ্ঠানস্থল পর্যবেক্ষণের জন্য মাঠের তিনটি স্থানে তিনটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে।
এদিকে হীরকজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ১৫টি আবাসিক হলের প্রায় ১৮ হাজার বর্তমান শিক্ষার্থী খাবারের জন্য নিবন্ধন করে টোকেন সংগ্রহ করেছেন। পাশাপাশি অনুষ্ঠানে অংশ নিতে নিবন্ধন করেছেন প্রায় পাঁচ হাজার সাবেক শিক্ষার্থী। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় ধরনের মিলনমেলার প্রস্তুতি চলছে।
সোমবার (১৬ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, শহীদ মিনার, কেন্দ্রীয় খেলার মাঠ, ছাত্রী হলপাড়া, কলা অনুষদ ভবন, বুদ্ধিজীবী চত্বর ও জিরোপয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। কোথাও কোথাও এখনো চলছে সাজসজ্জার কাজ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ও স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।
সন্ধ্যা নামতেই রঙিন আলোয় আলোকিত হয়ে উঠছে ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও স্থাপনা। আলোকসজ্জা উপভোগ করতে বিভিন্ন স্থানে ভিড় করছেন শিক্ষার্থীরা। বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোর পাশাপাশি ছবি ও ভিডিও ধারণ করছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ছে আলোকসজ্জার নানা দৃশ্য।
শিক্ষার্থীরা জানিয়েছেন, হীরকজয়ন্তী উপলক্ষে এমন আলোকসজ্জা ক্যাম্পাসের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি উৎসবের আমেজ তৈরি করেছে। বিশ্ববিদ্যালয়ের ছয় দশকের শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও ঐতিহ্যের এ আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বসিত তারা।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মূল অনুষ্ঠানস্থল প্রস্তুতের কাজ চলছে। সেখানে বাঁশ দিয়ে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ করছেন শ্রমিকেরা। নির্ধারিত সময়ের মধ্যে মঞ্চ নির্মাণ, সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, হীরকজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
দিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন জনপ্রিয় ব্যান্ড নগর বাউল ও কণ্ঠশিল্পী জেমস। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাটক বিভাগের শিক্ষার্থীরাও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন।
প্রস্তুতির বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরে পদার্পণ উপলক্ষে হীরকজয়ন্তী উৎসব উদযাপন করা হবে। আমাদের এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রত্যেক উপকমিটির সদস্যরা তাদের শেষ মুহূর্তের কার্যক্রম সম্পন্ন করছে। আমরা আশা করছি একটি সুন্দর হীরকজয়ন্তী উদযাপন করতে পারব।’
তিনি আরও বলেন, “সব মিলিয়ে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠানটি অনেক ভালো হবে। সবাই মিলে আনন্দঘন পরিবেশে সময় কাটাতে পারব। এটি অনেক বড় একটি আয়োজন। এখানে প্রায় এক থেকে দেড় লাখ মানুষের সমাগম হবে। আমার সবার কাছে একটাই অনুরোধ, এই আয়োজন সফল করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। কোথাও কোনো ভুলত্রুটি থাকলে সেটিকে শুধু ভুল হিসেবে না দেখে সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আগামী প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি বিবেচনায় অনুষ্ঠানস্থলের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। হীরকজয়ন্তী উৎসব সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন উপকমিটি শেষ মুহূর্তের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
আরটিভি/ এসকেডি



