
এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের পিপাসা শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন।
এ সময় ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে রিজভী বলেন, আওয়ামী লীগ একদিকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার কথা বলেছে, অন্যদিকে বাংলাদেশের স্বার্থ ও পররাষ্ট্রনীতির স্বাধীনতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। শেখ হাসিনা একবার বলেছিলেন, আমি ভারতকে যা দিয়েছি, ভারত তা কোনো দিন ভুলবে না। এ বক্তব্যের মধ্যেই আওয়ামী লীগের রাজনীতির স্ববিরোধিতা ফুটে ওঠে। বাংলাদেশের স্বার্থ রক্ষা এবং পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে জনগণের মতামতই সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত।
জুলাই আন্দোলনে আবু সাঈদের আত্মত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ বুক পেতে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিলেন। তার আত্মত্যাগ সারা দেশের তরুণ, কিশোর, শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল। একজন শিক্ষার্থীর আত্মত্যাগের মধ্য দিয়ে যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল, তা শেষ পর্যন্ত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটায়।
আওয়ামী লীগের দমন-পীড়নের অভিযোগ তুলে রিজভী বলেন, জুলাই আন্দোলনে এত মানুষের প্রাণহানির পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর ঘটনা জাতির জন্য গভীর বেদনাদায়ক। আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ছাত্রসংগঠনকে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এ সময় আন্দোলনকারীদের রাজাকারের নাতি-পুতি আখ্যা দিয়ে তাদের দমনের চেষ্টা করা হয়েছিল।
আওয়ামী লীগের সহিংস রাজনীতির প্রসঙ্গে তিনি আরও বলেন, এত মানুষের রক্ত ঝরানোর পরও তাদের রক্তের পিপাসা শেষ হয়নি। আবারও ক্ষমতায় ফেরার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও পুলিশের বক্সে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। দেশের সম্পদ লুটপাটের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা আবারও রাজনৈতিকভাবে প্রত্যাবর্তনের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন রিজভী।
বিএনপির আন্দোলন ও বর্তমান রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিসহ বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নানা প্রতিকূলতা ও কারাবাসের মধ্যেও গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। জাতীয়তাবাদী রাজনীতি ও গণতন্ত্রের প্রতীক হিসেবে তিনি মানুষের কাছে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।
আরটিভি/এমএইচজে



