
ফল, সবজি ও দইভিত্তিক খাদ্যপণ্যের শিল্পপর্যায়ে উৎপাদন এবং এসব উপাদান ব্যবহার করে বাণিজ্যিক খাদ্যপণ্য তৈরির মাধ্যমে আয় বৃদ্ধি ও স্বাস্থ্যগত সুফল নিশ্চিত করার লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) একটি ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন (এফপিপি) বিভাগের উদ্যোগে এবং উচ্চশিক্ষার মানোন্নয়ন ও রূপান্তর (HEAT) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২-এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান এবং অধ্যাপক ড. এম. বুরহান উদ্দিন।
কর্মশালায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর। তিনি HEAT প্রকল্পে হাবিপ্রবির সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান কাজ হলো গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টি। তবে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার কাঙ্ক্ষিত চর্চা সব সময় গড়ে ওঠে না। এ ধরনের প্রকল্প গবেষণাকে বাস্তবমুখী করে মানুষের কল্যাণে ব্যবহারের সুযোগ তৈরি করে।
তিনি বলেন, প্রকল্পটির গুরুত্ব শুধু নতুন খাদ্যপণ্য উদ্ভাবনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিল্প খাতের সম্প্রসারণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখা সম্ভব।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা জরুরি। গবেষণার ফলাফল যখন শিল্পক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হবে এবং তা বাণিজ্যিক পণ্যে রূপ নেবে, তখনই শিক্ষা ও গবেষণার প্রকৃত সুফল সমাজে পৌঁছাবে। দেশের উন্নয়নে এ ধরনের উৎপাদনমুখী ও উদ্ভাবননির্ভর গবেষণা আরও বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত পণ্যগুলো যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সেদিকেও গুরুত্ব দিতে হবে।
কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল ফল, সবজি ও দইভিত্তিক পণ্যের শিল্পপর্যায়ে উৎপাদন এবং এসব উপাদান দিয়ে বাণিজ্যিক খাদ্যপণ্য তৈরি। এর মাধ্যমে নতুন খাদ্যপণ্য উদ্ভাবন, আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণ এবং মানুষের পুষ্টি ও স্বাস্থ্যগত সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
উল্লেখ্য, HEAT প্রকল্পের আওতায় পরিচালিত এ উপপ্রকল্পের নাম ‘Industrial Production of Fruits, Vegetables, and Yogurt-Based Products and their use in the Manufacturing of Commercial Food Items for Income Generation and Health Benefits’। প্রকল্পটির উপপ্রকল্প ব্যবস্থাপক (Sub-Project Manager) হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের অধ্যাপক ড. মারুফ আহমেদ। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, এ প্রকল্পের মাধ্যমে উদ্ভাবিত খাদ্যপণ্য বাণিজ্যিকভাবে উৎপাদন ও বাজারজাতকরণের নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিল্পায়ন এবং সমাজের অর্থনৈতিক উন্নয়নের মধ্যে কার্যকর সেতুবন্ধ গড়ে উঠবে।
আরটিভি/টিআর




