
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা আরও ১০ দিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে নিবন্ধন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপাচার্যের নির্দেশক্রমে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণের অনলাইন নিবন্ধনের সময়সীমা ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটিতে প্রতিবেদন উপস্থাপনের শর্তে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।
নিবন্ধনের সময় বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে এ তথ্য প্রচারের জন্য আইসিটি সেল ও জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া বিজ্ঞপ্তির অনুলিপি দ্বিতীয় সমাবর্তন উপলক্ষে গঠিত নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, জকসু, ক্রিয়াশীল ছাত্রসংগঠনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
আরটিভি/টিআর



