
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহ’র নামে নির্মাণাধীন হলের নামকরণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে চার দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি দেন তারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নির্মাণাধীন হলের সামনে এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাঈল হোসেন রাহাত, শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহ’র নামে নির্মাণাধীন হলটির নামকরণের দাবি জানান। মানববন্ধন শেষে প্রক্টর বরাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
সাজিদ আব্দুল্লাহ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতকরণ এবং শহীদ আবরার ফাহাদ হলের পাশে নির্মাণাধীন ১০ তলা হলটির নাম তাঁর নামে করার দাবি সহ শিক্ষার্থীরা চারটি দাবি জানান। দাবিতে ‘শহীদ সাজিদ আব্দুল্লাহ হল' নামে হলের নামকরণ; সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ; হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত অবহিত করা এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রশাসনিক তৎপরতা অব্যাহত রাখা; প্রধানমন্ত্রীর ইবি সফর উপলক্ষে সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের দাবিটি যথাযথভাবে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের কথাও উল্লেখ করা হয়।
মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলনের শাখা সভাপতি ইসমাঈল হোসেন রাহাত বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৮ হাজার শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মূল দাবি হলো— সাজিদ আব্দুল্লাহ হত্যার দ্রুত বিচার এবং তাঁর নামে একটি হলের নামকরণ। হলের নাম তাঁর নামে হলে তাঁর স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরস্মরণীয় থাকবে এবং প্রশাসনকে শিক্ষার্থীদের নিরাপত্তায় আরও দায়িত্বশীল হতে স্মরণ করিয়ে দেবে।
সাজিদের স্মৃতি ও আদর্শ ধরে রাখতে হলের নামকরণের দাবি ভবিষ্যতেও অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, সাজিদ আব্দুল্লাহ ছিলেন আধিপত্যবাদ ও সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানো শিল্পী এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা। তাঁর নামে হলের নামকরণ করতে হবে।
শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক চললেও প্রতিষ্ঠাবার্ষিকীসহ বিভিন্ন আয়োজনে সাজিদ এবং নিহত শিক্ষিকা রুনা ম্যামকে স্মরণ করা হয় না। সাবেক উপাচার্য অধ্যাপক ড. নকীব নাসরুল্লাহর প্রশাসনের বিরুদ্ধে বিচারে তৎপরতা না দেখানোর অভিযোগ ছিল। বর্তমান উপাচার্য ও উপ-উপাচার্য একসময় বিচারের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছিলেন, অথচ দায়িত্ব নেওয়ার পর তাঁদের কাছ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
ক্যাম্পাসের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এখনো পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় আসেনি, পর্যাপ্ত আলো নেই এবং বহিরাগতদের অবাধ যাতায়াত রয়েছে। প্রশাসন সাজিদের নাম ভুলিয়ে দিতে চাইলেও শিক্ষার্থীরা তাঁকে ভুলবে না; প্রয়োজনে বিচারের দাবিতে আবারও রাজপথে নামবে।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, গত বছর আমরা বিশ্ববিদ্যালয়ের সকলের প্রিয়, জুলাইযোদ্ধা শহীদ সাজিদ আব্দুল্লাহকে হারিয়েছি। মাত্র ১৭৫ একরের ছোট্ট ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে, আর সেই ব্যর্থতার কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে। শিক্ষার্থীদের দাবির মুখে প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত করার আশ্বাস দিলেও এক বছরেও হত্যার রহস্য উন্মোচন করতে পারেনি।
তিনি আরও বলেন, নির্মাণাধীন হলটির নাম 'শহীদ সাজিদ আব্দুল্লাহ হল' রাখা উচিত। প্রশাসনের প্রতি এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাষ্ট্রীয় তদন্তের মাধ্যমে দ্রুত হত্যার রহস্য উন্মোচন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, শহীদ সাজিদ আব্দুল্লাহর মরদেহ ২০২৫ সালের ১৭ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে উদ্ধার করা হয়। তবে ময়নাতদন্ত ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ১৬ জুলাই (২০২৫) দিবাগত রাত আনুমানিক ২টা–৩টা ৩০ মিনিটের মধ্যে তাঁকে হত্যা করা হয়।
আরটিভি/এসআর


