
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন না করলেও নির্ধারিত ফি দিয়ে মূল সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা। নিবন্ধনকারী শিক্ষার্থীদের পাশাপাশি অনিবন্ধিত শিক্ষার্থীদের জন্যও মূল সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সার্টিফিকেট জালিয়াতি রোধে যুক্ত করা হবে চার ধরনের নিরাপত্তাব্যবস্থা (সিকিউরিটি ফিচার)। পাশাপাশি থাকবে কিউআর কোড, যার মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সার্টিফিকেটের সত্যতা যাচাই করা যাবে। সমাবর্তনের ১৫ দিন আগেই প্রস্তুতকৃত সার্টিফিকেট বিভাগগুলোতে পৌঁছে দেওয়া হবে।
বুধবার (২৫ নভেম্বর) সার্টিফিকেট বিতরণ ও মুদ্রণসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল হান্নান শেখ এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মূল সার্টিফিকেট সাধারণত উন্নতমানের গোটস্কিন পার্চমেন্ট পেপারে মুদ্রণ করা হয়। এ কাগজের দামও তুলনামূলক বেশি। সার্টিফিকেট তৈরিতে ১৬০ জিএসএম কাগজ ব্যবহার করা হবে। এসব কাগজে মুদ্রণের জন্য প্রয়োজন হবে হাই-রেজল্যুশন প্রিন্টার। তবে এ প্রিন্টারের দৈনিক উৎপাদনক্ষমতা মাত্র ৩০০ কপি। ফলে ১০ হাজার শিক্ষার্থী নিবন্ধন করলে সবার সার্টিফিকেট প্রস্তুত করতে পর্যাপ্ত সময়ের প্রয়োজন হবে।
তিনি জানান, সার্টিফিকেট তৈরির প্রথম ধাপে নির্ধারিত মানের কাগজে চার ধরনের নিরাপত্তাব্যবস্থা যুক্ত করা হবে। বিশ্ববিদ্যালয়ের নাম, ভাইস চ্যান্সেলর ও কন্ট্রোলার অব এক্সামিনেশনের নামসহ সাধারণ তথ্য বিশেষ নিরাপত্তাসম্পন্ন মুদ্রণব্যবস্থায় মুদ্রণ করা হবে। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের নাম, সিজিপিএ, ডিগ্রির নাম ও রোল নম্বরসহ ব্যক্তিগত তথ্য সংযুক্ত করা হবে। সবশেষে সার্টিফিকেট সংরক্ষণের জন্য খাম তৈরি করে বিভাগভিত্তিকভাবে বিতরণ করা হবে।
সার্টিফিকেটের ফি সম্পর্কে উপকমিটির আহ্বায়ক বলেন, বর্তমানে এক হাজার টাকা ফি দিয়ে একজন শিক্ষার্থী দুটি সার্টিফিকেট পাবেন। এর মধ্যে একটি স্নাতক এবং অন্যটি স্নাতকোত্তর ডিগ্রির। যারা সমাবর্তনে নিবন্ধন করবেন না, তাঁরাও পরবর্তী সময়ে নির্ধারিত ফি দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। সে ক্ষেত্রে প্রতিটি সার্টিফিকেটের জন্য ৫০০ টাকা করে দুটি সার্টিফিকেটের জন্য মোট এক হাজার টাকা দিতে হবে।
অনিবন্ধিত শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রস্তুতের বিষয়ে তিনি বলেন, তাঁদের সার্টিফিকেটের প্রাথমিক কাজ আগেই সম্পন্ন করে রাখা হবে। অর্থাৎ, বিশ্ববিদ্যালয়ের নাম, ভাইস চ্যান্সেলর ও কন্ট্রোলার অব এক্সামিনেশনের নামসহ সাধারণ তথ্য এবং নিরাপত্তাসংক্রান্ত কাজগুলো আগে থেকেই সম্পন্ন থাকবে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করলে তাঁর নাম, সিজিপিএ, ডিগ্রি ও রোল নম্বর সংযুক্ত করে সার্টিফিকেট পূর্ণাঙ্গ করা হবে।
তিনি আরও জানান, সমাবর্তনে নিবন্ধনকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট অনুষ্ঠান শুরুর আগেই প্রস্তুত করা হবে। শিক্ষার্থীরা সমাবর্তনের কয়েক দিন আগে নিজ নিজ বিভাগ থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।
মূল সার্টিফিকেটের সঙ্গে সাধারণ সার্টিফিকেটের পার্থক্য থাকবে কি না, জানতে চাইলে তিনি জানান, প্রশাসন ভবন থেকে সাধারণত শিক্ষার্থীরা যে সার্টিফিকেট সংগ্রহ করেন, সেটি প্রভিশনাল বা সাময়িক সনদ। অন্যদিকে, সমাবর্তনে দেওয়া মূল সার্টিফিকেটে বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে, যা নকল করা কঠিন। পাশাপাশি কিউআর কোডের মাধ্যমে সার্টিফিকেটের সত্যতা যাচাই করা যাবে। সমাবর্তন থেকে মূল সার্টিফিকেট পাওয়ার পর একই সার্টিফিকেট পুনরায় প্রশাসন ভবন থেকে সংগ্রহের প্রয়োজন হবে না।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর সার্টিফিকেট বিতরণ ও মুদ্রণসংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবদুল হান্নান শেখকে আহ্বায়ক করে ২০ সদস্যবিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়। একই দিনে পদক, পুরস্কার ও উপহারসামগ্রী বিতরণের জন্য ইইই বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হককে আহ্বায়ক করে ১৭ সদস্যবিশিষ্ট আরেকটি উপকমিটি গঠন করা হয়।
আরটিভি/টিআর



