
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) নবনিযুক্ত উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহি আগামী ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তিনি বিদায়ী উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ এবং বিদায়ী উপাচার্যের বিদায় উপলক্ষে আগামী ১০ ও ১৩ সেপ্টেম্বর দুই ধাপে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের দিন ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে নবাগত উপাচার্যের পরিচিতি ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে তাকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।
এ ছাড়া ১৩ সেপ্টেম্বর নবাগত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মেঘনা ও পদ্মা ভবন পরিদর্শন করবেন। একই দিনে রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহিকে শুভেচ্ছা জানানো এবং বিদায়ী উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেনকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে।
এর আগে গত ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহিকে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য।
রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহি বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (ম্যাটেরিয়েল) হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ, নৌ ডকইয়ার্ড, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, প্রকল্প ও নৌ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন। নৌ অস্ত্র, নৌ ইলেকট্রনিকস ও মেরিন ইলেকট্রিক্যাল বিষয়ে তার বিশেষজ্ঞতা রয়েছে।
এদিকে, নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তার অভিজ্ঞতা ও নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল এবং প্রশাসনিক কার্যক্রমে স্থিতিশীলতা আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আরটিভি/টিআর




