
আগামী বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশন(রসিক) নির্বাচন। তার আগেই হচ্ছে ভোটের চুলচেরা বিশ্লেষণ। এ নির্বাচনে অন্যতম হেভিওয়েট প্রার্থী হলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। লাঙল প্রতীকে এরশাদের জনপ্রিয়তা কাজে লাগিয়ে মাঠে নেমেছেন তিনি। পাচ্ছেন সাড়াও।
ভোট দিতে সোমবার রংপুর পৌঁছেছেন এরশাদ। তবে নির্বাচনী বিধানকে সামনে রেখে এরশাদের রংপুর সফরকে কেন্দ্র করে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছে বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা। আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু সরাসরি কিছু না বললেও প্রভাব বিস্তারের শঙ্কা প্রকাশ করেছেন।
যদিও এরশাদ সোমবার রংপুরে এসেই সাংবাদিকদের বলেছেন, নির্বাচনে প্রভাব বিস্তার করতে নয়, বৃহস্পতিবার ভোটাধিকার প্রয়োগ করতেই রংপুর এসেছেন তিনি। কিন্তু অন্য প্রার্থীরা আশ্বস্ত হতে পারেননি। প্রশ্ন উঠেছে, রংপুরে এরশাদের অবস্থান নির্বাচনী মাঠে ঠিক কতটা প্রভাব ফেলছে? রংপুরে তার প্রভাবই বা কতটা?
নগরবাসীরা বলছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকেলও গোটা রংপুরেই জাতীয় পার্টির একচ্ছত্র আধিপত্য। বিশেষ করে দলের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এরশাদ রংপুরের সন্তান হওয়ায় এলাকায় জাতীয় পার্টির আলাদা প্রভাব রয়েছে। রংপুরে তার অবস্থান মানেই তার বাসভবন ঘিরে নেতা-কর্মীদের ভিড় লেগেই থাকবে।
মঙ্গলবার তার ব্যক্তিগত নম্বরে ফোন করা হলে অন্য একজন ফোন ধরেন। তিনি জানান, ‘স্যার, বৈঠক করেছেন। অনেকে এসেছেন। কথা বলছেন।’
এটি কোনো রাজনৈতিক মিটিং কিনা জানতে চাইলে তিনি জানান, ‘শাপলার মোড়ের পর একটি হাইস্কুলে তিনি বৃহস্পতিবার ভোট দেবেন, সেজন্যেই এসেছেন।’
তবে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান ফিজার স্পষ্টই বললেন, 'উনি কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন না। কেউ বাসায় থাকলে আচরণবিধি লঙ্ঘন হয়না।’ তবে এরশাদ রংপুরে আসায় নেতাকর্মীদের মনোবল অনেকটাই বেড়েছে বলেও স্বীকার করেন তিনি।
এ নিয়ে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের(সুজন) রংপুর মহানগর শাখার সভাপতি ফখরুল আনাম বলেন, জাপার রাজনীতির জন্য রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফলে তারা এ নির্বাচনে জয় পেতে চাইবে।
তিনি বলেন, এরশাদ শুধু ভোট প্রদানের কথা বললেও তার অবস্থান ভোটে প্রভাব ফেলবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই তার রংপুর ত্যাগ করা উচিত।
এ বিষয়ে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেন, উনি এখানকার ভোটার। তার নিজ বাসায় তিনি এলে আমি কি করতে পারি? তার বাসায় তার আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী আসতেই পারে, সেখানে আমি বাধা দেব কি করে?
এসজে/কে




