
রাত পোহালেই ভোট। বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই শুরু হবে দ্বিতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ। চলবে বিকেল চারটা পর্যন্ত।
টানা ১৫ দিন চলেছে প্রচার-প্রচারণা আর প্রার্থীদের নানা প্রতিশ্রুতির ফুলঝুরি। এখন সিদ্ধান্ত জানাতে প্রস্তুত সিটির প্রায় চার লাখ ভোটার।
ভোটাররা যেমন প্রস্তুত তেমনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে প্রস্তুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। নির্বাচন কমিশন তত্ত্বাবধানে সর্বোচ্চ সতর্ক রয়েছে প্রশাসন।
এরই মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানো হয়েছে ব্যালট বাক্সসহ আনুষাঙ্গিক সরঞ্জাম।
চলছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নগরজুড়ে টহল। জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
বিশেষ করে অনুন্নত ও সংখ্যালঘু এলাকাগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।
নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ শুরু করেছে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে তিনটি ওয়ার্ডে একজন করে পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়েছে।
পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, প্রতিটি কেন্দ্রে ২৪ জন করে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ৩৩ জন নির্বাহী ও ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। ৮ সদস্য বিশিষ্ট র্যাবের ৩৩টি দল কাজ করবে নগরীর ৩৩টি ওয়ার্ডে। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াডসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে র্যাব।
তিনি আরো জানান, নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ প্লাটুন বিজিবি মঙ্গলবার সকাল ৬টা থেকে মাঠে রয়েছে। নির্বাচনের পরদিন পর্যন্ত তারা মাঠে দায়িত্ব পালন করবে। এছাড়া ভোটকেন্দ্রগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণে রংপুর সিটি করপোরেশন এলাকায় র্যাবের হেলিকপ্টার টহল দেবে।
ডিআইজি বলেন, নগরীর গুরুত্বপূর্ণ ৮টি পয়েন্টে চেক পোস্ট বসানো হয়েছে। জনগণকে ভয় দেখাতে নয়, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ মডেল নির্বাচন উপহার দিতেই আইনশৃংখলা বাহিনী নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলেছে রংপুর সিটি এলাকায়।
এদিকে, রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার আরটিভি অনলাইনকে জানান, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য ব্যবহৃত সরঞ্জাম পৌঁছানো হয়েছে। নির্বাচন কমিশনের ১১টি পর্যবেক্ষক দল মাঠে নামছেন। ইসির নিজস্ব এসব কর্মকর্তা পরিচয় গোপন রেখে নির্বাচনের সামগ্রিক পরিবেশ সম্পর্কে নির্বাচন কমিশনে জানাবেন।
এসজে/এমকে




