
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৯৩টি কেন্দ্রের মধ্যে ১০৮টিকে ঝুঁকিপূর্ণ বলছে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ১৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রের ছয়টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট নেয়া হবে। ওই কেন্দ্রের ভোটার ২ হাজার ৫৯ জন।
এছাড়া ঝুঁকিপূর্ণ ১০৮টি কেন্দ্রের মধ্যে ২০ নম্বর ওয়ার্ডের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ২৪ নম্বর ওয়ার্ডের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ এবং ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
এ সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ ও মহিলা ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।
২০১২ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল রংপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন। ওই সময় দলীয় প্রতীকে ভোট না হলেও সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু মোটরসাইকেল প্রতীক নিয়ে এক লাখ ছয় হাজার ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছিলেন ৭৭ হাজার ৮০৫ ভোট। বিএনপির কাওছার জামান বাবলা পেয়েছিলেন ২১ হাজার ২৩৫ ভোট।
হেভিওয়েট ওই তিন প্রার্থী ছাড়াও এবারের নির্বাচনে লড়ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা বাবু (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টি সেলিম আখতার (আম) বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে আব্দুল কুদ্দুস (মই) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় পার্টি থেকে সদ্য বহিষ্কার হওয়া এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (হাতি)।
এবারের নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২১১ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসজে




