ঘুম ভেঙ্গে বাথরুমে যেতেই চোখের সামনে ৭ ফুট কুমির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

রোববার, ০২ আগস্ট ২০২৬ , ০৫:১৪ পিএম


ঘুম ভেঙ্গে বাথরুমে যেতেই চোখের সামনে ৭ ফুট কুমির
ভারতের এক গৃহস্থের বাথরুমে ঢুকে পড়ে কুমির : ছবি সংগৃহীত

ভারতের গুজরাটের আনন্দ জেলায় মধ্যরাতে কুকুরের ভয়ার্ত ডাক শুনে ঘুম ভেঙে যায় গৃহকর্তার। কী কারণে কুকুরটি টানা ডেকে যাচ্ছিল সেটি বোঝার চেষ্টা করতে থাকেন তিনি। এক সময় বাড়ির বাথরুমে গিয়ে দেখতে পান সেখানে সাত ফুট লম্বা একটি জলজ্যান্ত কুমির। এম পরিস্থিতিতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে পরিবারটি। 

বাড়ির মালিক বলভাই চৌহান জানান, গভীর রাতে বাড়ির বাইরে একনাগাড়ে কুকুরের ডাক শুনে তার ঘুম ভেঙে যায়। কী ঘটেছে তা দেখতে ঘর থেকে বের হন। পরে বাথরুমের দরজা খুলতেই বিশালাকার ওই কুমিরের মুখোমুখি হন।

পরিস্থিতি বেগতিক দেখে অবিলম্বে বন বিভাগে খবর দেওয়া হয়। এরপর বন কর্মকর্তা এবং স্থানীয় একটি বন্য প্রাণী উদ্ধার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার অভিযানের পর কুমিরটিকে নিরাপদে বন্দী করতে সক্ষম হন। পরে সেটিকে কাছের একটি পুকুরে অবমুক্ত করা হয়।

আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি উদ্ধার অভিযানের ভিডিওতে দেখা যায়, কাপড়চোপড় ও অন্যান্য গৃহস্থালি জিনিসপত্রে ঠাসা একটি ঘিঞ্জি বাথরুম। সেখানে কুমিরটির শরীরে দড়ির ফাঁস লাগিয়ে এবং একটি লম্বা লাঠির সাহায্যে এক ব্যক্তি সেটিকে টেনে বের করার চেষ্টা করছেন। উদ্ধারের পর প্রাণীটিকে নিরাপদ জলাশয়ে ফিরিয়ে নেওয়াই ছিল মূল লক্ষ্য।

বন কর্মকর্তাদের মতে, বর্ষাকালে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। ভারী বৃষ্টিতে পানির স্তর বেড়ে যাওয়ার ফলে কুমিরগুলো এদের স্বাভাবিক আবাসস্থল ছেড়ে চলে আসে। মূলত খাবারের সন্ধানে অথবা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রায়ই কাছাকাছি আবাসিক এলাকায় ঢুকে পড়ে।

কর্মকর্তারা আরও জানান, পার্শ্ববর্তী মালাতাজ গ্রামের একটি পুকুরে ১০০টির বেশি কুমির রয়েছে। ফলে ভারী বৃষ্টি ও বন্যার সময় প্রাণীগুলোর রাস্তাঘাটে বা মানুষের বাড়িঘরে চলে আসার আশঙ্কা অনেক বেশি।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission