
ভোরের আকাশ তখনও পুরোপুরি ফর্সা হয়নি। চারপাশে ছড়িয়ে আছে স্নিগ্ধ নীরবতা। ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দুতে মিটমিট করে জ্বলছে ভোরের আলো। দূরের গাছপালাগুলোকে ঘিরে কোথাও কোথাও জমেছে হালকা কুয়াশা। জানালার ফাঁক দিয়ে আসা বাতাসে অনুভূত হচ্ছে মৃদু শীতলতা। চাদর মুড়ি দিয়ে আরেকটু ঘুমিয়ে থাকার ইচ্ছা জাগে। সকালের পথে মানুষের চলাফেরাতেও যেন কিছুটা জড়তা। অথচ দিনের বেলা রোদের উষ্ণতা এখনও জানান দেয়, শীত আসতে আরও কিছুটা দেরি। প্রকৃতির এই মৃদু পরিবর্তন যেন নীরবে বলে যায়, শীত আসছে, তবে এখনও সে দোরগোড়ায় এসে পৌঁছায়নি।
ঋতুবৈচিত্র্যের বাংলাদেশে প্রতিটি ঋতুর রয়েছে নিজস্ব রূপ ও বৈশিষ্ট্য। শরতের বিদায়ের পর হেমন্ত আসে নতুন ধানের গন্ধ, সোনালি ফসল আর নরম রোদের আবেশ নিয়ে। মূলত পৌষ ও মাঘ শীতকাল হলেও হেমন্তের শেষভাগ থেকেই শীতের উপস্থিতি ক্রমে স্পষ্ট হতে থাকে। তার আগাম আভাস মেলে হেমন্তের ভোরে শিশিরভেজা ঘাস, হালকা কুয়াশা আর বাতাসের কোমল শীতলতায়। প্রকৃতি যেন ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে আসন্ন ঋতুকে বরণ করে নেওয়ার জন্য।

গ্রামবাংলায় হেমন্ত মানেই পাকা ধানের সোনালি আভা, মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা আর উঠানে নতুন ফসল ঘরে তোলার আনন্দ। কোথাও চলছে ধান কাটার কাজ, কোথাও উঠানে ধান শুকানোর আয়োজন। বাতাসে ভেসে আসে নতুন ধানের গন্ধ। এই ব্যস্ততার মাঝেই শীতকে ঘিরে শুরু হয় নানা পরিকল্পনা। খড়কুটো প্রস্তুত করার কথা ভাবেন কৃষকেরা। আর পিঠাপুলিপ্রেমীদের মনে উঁকি দিতে থাকে ভাপা পিঠা, চিতই পিঠা ও খেজুরের রসের স্বাদ। শীতের চেনা আয়োজন এখনো পুরোপুরি শুরু না হলেও তার অপেক্ষা আগেভাগেই ছড়িয়ে পড়ে মানুষের মনে। শহর কিংবা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ঋতুবদলের এই ছবি আলাদা করে চোখে পড়ে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণেও ভোরের হালকা কুয়াশা, গাছের পাতায় জমে থাকা শিশির আর শান্ত পরিবেশ সকালের সৌন্দর্যকে করে তোলে অন্য রকম। শিক্ষার্থীদের ব্যস্ত জীবনের মাঝেও প্রকৃতির এই পরিবর্তন এনে দেয় একটুখানি প্রশান্তি। কারও মনে জাগে শীতের সকালের অলসতা, কেউ ভাবতে শুরু করেন উষ্ণ পোশাক পরার প্রস্তুতি নিয়ে, আবার কেউ অপেক্ষা করেন কুয়াশায় মোড়ানো পথ ধরে হাঁটার। দিনের বেলার উজ্জ্বল রোদ আর ভোরের মৃদু শীতলতার এই বৈপরীত্যই হেমন্তের বিশেষ সৌন্দর্য।

তবে শীতের আগমনী বার্তা সবার মনে সমান আনন্দ নিয়ে আসে না। শীতের প্রকোপ বাড়লে নিম্ন আয়ের মানুষ ও ছিন্নমূল মানুষের জীবন হয়ে ওঠে কঠিন। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে রাত কাটানো অনেকের জন্য কষ্টকর হয়ে পড়ে। তাই শীত পুরোপুরি নেমে আসার আগেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণের উদ্যোগ নেওয়া জরুরি।এখনও হেমন্তের দিন চলছে। শীত তার পূর্ণ রূপে হাজির হয়নি; সে যেন দূরে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। ভোরের কুয়াশা, শিশিরভেজা ঘাস আর হিমেল বাতাসের মৃদু পরশে প্রকৃতি কেবল তার আগমনী বার্তা শোনাচ্ছে। অপেক্ষা এখন সেই চেনা শীতকালের, যখন কুয়াশার চাদর ভেদ করে সূর্য উঁকি দেবে, ঘরে ঘরে পিঠার ঘ্রাণ ছড়াবে আর বাংলার প্রকৃতি নতুন রূপে সেজে উঠবে।
আরটিভি/জেএমএ



