ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

কাপ্তাই ও রাঙ্গুনিয়ার বনে সাপের অজানা জগৎ উন্মোচন, নতুন চার প্রজাতির সন্ধান

বাসস

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

পাহাড়ি ছড়া, আর্দ্র বনভূমি, জলাশয় আর সড়কের পাশের ঝোপঝাড়ে লুকিয়ে আছে নানা প্রজাতির সাপ। এসব অচেনা আবাসস্থলে অনুসন্ধান চালিয়ে রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে সাপের অজানা জগৎ উন্মোচন হয়েছে।

এই দুই সংরক্ষিত বনে ৩৬ প্রজাতির ২০৮টি সাপের সন্ধান পেয়েছেন গবেষকরা। এর মধ্যে চারটি প্রজাতি বাংলাদেশের সাপের তালিকায় নতুন সংযোজন হিসেবে বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত হয়েছে।

নতুন চার প্রজাতির মধ্যে তিনটি নির্বিষ ও একটি মৃদু বিষধর।

তবে নতুন প্রজাতির সন্ধানের পাশাপাশি গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক চিত্রও। বন উজাড়, আবাসস্থল ধ্বংস, বনাঞ্চলে অগ্নিকাণ্ড, কৃষিকাজের সম্প্রসারণ, কীটনাশকের ব্যবহার ও সড়কে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে সাপের মৃত্যু দক্ষিণ-পূর্বাঞ্চলের এই দুই সংরক্ষিত বনাঞ্চলে তাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবেও আগামী কয়েক দশকে সাপের বসবাসের উপযোগী আবাসস্থল সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশ্বব্যাংকের অর্থায়নে বন বিভাগের টেকসই বন ও জীবিকা (সুফল- SUFAL) প্রকল্পের আওতায় পরিচালিত এ গবেষণার ফলাফল আন্তর্জাতিক পিয়ার-রিভিউড বিজ্ঞান সাময়িকী ‘ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’-এ গত ১৭ নভেম্বর প্রকাশিত হয়।

২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মাঠপর্যায়ে গবেষণা পরিচালিত হয়। প্রায় ৭৫ দিন ধরে দিন ও রাতে জরিপ চালিয়ে গবেষকরা পায়ে হেঁটে মোট ৪৮৮ দশমিক ৩ কিলোমিটার এলাকা পরিদর্শন করেন।

এ কাজে ব্যয় হয় ১ হাজার ৭৭৬ জন-ঘণ্টা।

গবেষণায় নেতৃত্ব দেন বাংলাদেশ বন বিভাগের বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারের সর্পবিদ মো. সোহেল রানা।

গবেষক দলের অন্যান্য সদস্যরা হলেন— চীনের নানজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির গবেষক সজীব বিশ্বাস, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ আলাবামার মাহি ওয়াসিম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার দত্ত।

বাংলাদেশের তালিকায় নতুন চার প্রজাতি

গবেষণায় বাংলাদেশের সাপের প্রজাতি তালিকায় নতুন রেকর্ড হিসেবে যুক্ত হয়েছে স্ট্রাইপড কিলব্যাক, বিন্দি কিলব্যাক, হাস’স ব্রোঞ্জব্যাক ট্রি স্নেক ও ওয়াল’স ব্রোঞ্জব্যাক।

এর মধ্যে স্ট্রাইপড কিলব্যাকের সন্ধান পাওয়া গেছে রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে। অপর তিনটি প্রজাতির উপস্থিতি নথিভুক্ত হয়েছে রাঙ্গুনিয়ার দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে।

তবে চারটি প্রজাতিই পৃথিবীর জন্য নতুন নয়। বাংলাদেশে এদের উপস্থিতি বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত হওয়ায় দেশের সরীসৃপের তালিকায় নতুন সংযোজন হয়েছে। এরমধ্যে হাস’স ব্রোঞ্জব্যাক ও ওয়াল’স ব্রোঞ্জব্যাকের তথ্য ২০২৫ সালের সেপ্টেম্বরে পৃথক গবেষণায় প্রকাশিত হয়েছিল।

কাপ্তাই জাতীয় উদ্যানে পাওয়া স্ট্রাইপড কিলব্যাকের গায়ের রং গাঢ় বাদামি। শরীরের দুই পাশে মাথা থেকে লেজ পর্যন্ত লম্বা ডোরা রয়েছে। পাহাড়ি ছড়া ও ঝোপঝাড়ে এদের বিচরণ দেখা যায়।

অন্যদিকে দুধপুকুরিয়া-ধোপাছড়ি অভয়ারণ্যে পাওয়া বিন্দি কিলব্যাকের বাদামি শরীরের ঘাড়ের পেছনে লাল টিপের মতো দাগ রয়েছে। এর আগে বান্দরবানের রুমা এলাকায় এ প্রজাতি দেখা গেলেও এবার ডিএনএ বিশ্লেষণসহ বৈজ্ঞানিক পদ্ধতিতে এর পরিচয় নিশ্চিত করা হয়েছে।

গবেষক সোহেল রানা জানান, নতুন শনাক্ত দুই প্রজাতি স্ট্রাইপড কিলব্যাক ও বিন্দি কিলব্যাকের এখনো স্বীকৃত বাংলা নাম নির্ধারিত হয়নি। বৈজ্ঞানিকভাবে প্রজাতি শনাক্তের পর সেগুলোর শারীরিক বৈশিষ্ট্য, অবস্থান ও আবাসস্থল নথিভুক্ত করা হয়েছে।

নতুন চার প্রজাতির মধ্যে বিন্দি কিলব্যাক মৃদু বিষধর হলেও মানুষের জন্য ক্ষতিকর নয়। বাকি তিনটি নির্বিষ।

বনের কোথায় বেশি সাপ

গবেষণায় কাপ্তাই জাতীয় উদ্যানে ২৬টি ও রাঙ্গুনিয়ার দুধপুকুরিয়া-ধোপাছড়ি অভয়ারণ্যে ২৩টি প্রজাতির উপস্থিতি পাওয়া গেছে। দুই বনাঞ্চলে কিছু প্রজাতির মিল থাকায় সব মিলিয়ে ২৩টি গণ ও আটটি গোত্রের অন্তর্ভুক্ত ৩৬ প্রজাতির তথ্য নথিভুক্ত হয়েছে।
গবেষকরা শুধু বনাঞ্চলের গভীরে নয়, পাহাড়ি ছড়া, প্রাকৃতিক বনের পথ, জলাশয়, বনাঞ্চলের প্রান্তবর্তী এলাকা, সড়কের পাশের ঝোপঝাড় ও লোকালয়ের আশপাশেও অনুসন্ধান চালান। দিনের পাশাপাশি রাতেও চলে জরিপ।

গবেষকদের মতে, সাপের মতো নিশাচর ও লাজুক প্রাণীর প্রকৃত বৈচিত্র্য জানতে এ ধরনের বিস্তৃত মাঠপর্যায়ের অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জরিপে দেখা গেছে, কাপ্তাইয়ে বনাঞ্চলের প্রান্তবর্তী ও সড়কের পাশের উদ্ভিদসমৃদ্ধ এলাকায় ১২ প্রজাতি ও পাহাড়ি ছড়া ও জলাবদ্ধ এলাকায় ১০ প্রজাতির সাপ পাওয়া গেছে।

দুধপুকুরিয়া-ধোপাছড়িতে পাহাড়ি ছড়া ও জলাবদ্ধ এলাকায় ১৫ প্রজাতি এবং বনপ্রান্ত ও সড়কসংলগ্ন এলাকায় আট প্রজাতির সন্ধান মিলেছে।

কাপ্তাইয়ে সবচেয়ে বেশি পাওয়া গেছে রেডটেইল বা বাঁশপাতি সবুজ পিট ভাইপার। শনাক্ত সাপের ৩৪ দশমিক ৪৮ শতাংশ এ প্রজাতির।

অন্যদিকে দুধপুকুরিয়া-ধোপাছড়িতে পেইন্টেড ব্রোঞ্জব্যাক ট্রি স্নেকের উপস্থিতি সর্বাধিক, যা শনাক্ত সাপের ৩৬ শতাংশ।

গবেষকরা আর্দ্র পাহাড়ি উপত্যকা, নদী ও ছড়ার তীরবর্তী এলাকা এবং চিরসবুজ বনকে সাপের গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে চিহ্নিত করেছেন।

এছাড়া কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে সামুদ্রিক দুই প্রজাতির সাপ- বিকড সি স্নেক ও রাসেলস সি স্নেক-এর উপস্থিতিও নথিভুক্ত হয়েছে।

জোয়ার-ভাটার প্রভাবে নদীর লবণাক্ত ও মিশ্র লবণাক্ত পানিতে এদের বিচরণ দেখা গেছে।

সড়ক দুর্ঘটনায় ২৫ সাপের মৃত্যু, আবাসস্থল সংকুচিত হওয়ার শঙ্কা

গবেষণায় বন উজাড়, আবাসস্থল ধ্বংস ও বনাঞ্চলে অগ্নিকাণ্ডকে দুই এলাকার সাপের জন্য ছয় ধরনের হুমকি চিহ্নিত হয়েছে। দুই বনাঞ্চলে এসব হুমকির সম্মলিতি প্রভাব ৪০ শতাংশ বলে উল্লেখ করেছেন গবেষকেরা।

তবে দুই বনে হুমকরি ধরন ও মাত্রায় কিছু পার্থক্য রয়েছে।

জরিপ চলাকালে সড়ক দুর্ঘটনায় দুই বনাঞ্চলে ২৫টি সাপের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। এর মধ্যে কাপ্তাইয়ে ১৮টি ও দুধপুকুরিয়া-ধোপাছড়িতে সাতটি। মৃত সাপের মধ্যে মহাবিপন্ন জালিকাবিশিষ্ট অজগরও রয়েছে।

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনাজনিত হুমকির আপেক্ষিক অবদান ২০ শতাংশ। অন্যদিকে দুধপুকুরিয়া-ধোপাছড়িতে কৃষিকাজের সম্প্রসারণ ও রাসায়নিক উপাদানের ব্যবহারজনিত হুমকির পরিমাণ ২৫ শতাংশ। কাপ্তাইয়ে তা ১০ শতাংশ।

দুই বনাঞ্চলেই অবৈধ গাছ কাটা ও জ্বালানি কাঠ সংগ্রহের অবদান ১০ শতাংশ।

মানুষের সঙ্গে সাপের সংঘাত কাপ্তাইয়ে ১০ ও দুধপুকুরিয়া-ধোপাছড়িতে পাঁচ শতাংশ।

পানি ও মাটিদূষণজনিত হুমকির পরিমাণ যথাক্রমে ১০ ও ১৫ শতাংশ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার দত্ত বলেন, কাপ্তাই জাতীয় উদ্যানের মধ্য দিয়ে যাওয়া সড়কে দ্রুতগতির যানবাহন চলাচল, দুধপুকুরিয়ায় লেবু ও আনারসের চাষ সম্প্রসারণ এবং বনাঞ্চলে অগ্নিকাণ্ড সাপের সংবেদনশীল আবাসস্থলের ওপর চাপ সৃষ্টি করছে।

তিনি বলেন, কাপ্তাইয়ে সড়কে যানবাহনের চাকায় পিষ্ট হয়ে নিয়মিত সাপ মারা যাচ্ছে। অন্যদিকে দুধপুকুরিয়ার বনের ভেতরে লেবু ও আনারসসহ বিভিন্ন ফসলের চাষ সম্প্রসারিত হওয়ায় প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হচ্ছে।

অধ্যাপক আশীষ কুমার আরও বলেন, কৃষিতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ মাটি ও পানিদূষণের পাশাপাশি সাপের খাদ্য হিসেবে ব্যবহৃত প্রাণীদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এতে খাদ্যশৃঙ্খলের মধ্য দিয়ে সাপের অস্তিত্বও ঝুঁকির মুখে পড়ে।

গবেষকদের পূর্বাভাস অনুযায়ী, ২০৪১-২০৬০ সালের মধ্যে কাপ্তাই জাতীয় উদ্যান ও দুধপুকুরিয়া-ধোপাছড়ি বনাঞ্চলে সাপের উপযোগী আবাসস্থল যথাক্রমে ৫.৯ ও ৮.৩ শতাংশ কমতে পারে। এতে সাপের প্রজাতি বৈচিত্র্য ও বিস্তৃতি সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ঝুঁকি মোকাবিলায় চিরসবুজ বন, আর্দ্র পাহাড়ি উপত্যকা ও নদী-ছড়ার তীরবর্তী পরিবেশ সংরক্ষণের পাশাপাশি অগ্নিকাণ্ড, অবৈধ গাছ কাটা, জ্বালানি কাঠ সংগ্রহ, আবাসস্থল ধ্বংস ও দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণের সুপারিশ করেছেন গবেষকরা।

গবেষণায় সাপ শনাক্তে প্রচলিত পর্যবেক্ষণের পাশাপাশি ডিএনএ বিশ্লেষণ করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা গবেষণাগারে ১০টি প্রজাতির নমুনার জেনেটিক বিশ্লেষণ এবং গাজীপুরের বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারে ১০টি রেফারেন্স নমুনা সংরক্ষণ করা হয়েছে।

অধ্যাপক আশীষ কুমার দত্ত বলেন, দেশের প্রায় ৬০টি সংরক্ষিত বনাঞ্চলের অধিকাংশের জীববৈচিত্র্য সম্পর্কে পর্যাপ্ত বৈজ্ঞানিক তথ্য নেই। প্রজাতি ও গুরুত্বপূর্ণ আবাসস্থল চিহ্নিত করতে আরও জরিপ প্রয়োজন। বন উজাড়, কৃষি ও বসতি সম্প্রসারণে সাপ লোকালয়ে চলে আসায় মানুষ ও সাপের সংঘাত বাড়ছে।

তিনি আরও বলেন, সাপ সম্পর্কে ভয় ও ভুল ধারণার কারণে অনেকেই নির্বিষ সাপকেও মেরে ফেলেন।

এ প্রবণতা রোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন গবেষকরা। এ লক্ষ্যে বিভিন্ন প্রজাতির সাপের ছবি ও পরিচিতিসহ একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছেন তারা।

এতে প্রয়োজনীয় নির্দেশনার পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনমের প্রাপ্যতা ও সাপ উদ্ধারকারীদের যোগাযোগের তথ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের বিপন্ন সাপের একটি বড় অংশের আবাস পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে। এসব সাপের অস্তিত্বের জন্য আবাসস্থল ধ্বংস অন্যতম বড় হুমকি।

সাপ সংরক্ষণ শুধু একটি প্রাণীগোষ্ঠীর অস্তিত্ব রক্ষাই নয়, বরং সামগ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখারও গুরুত্বপূর্ণ শর্ত বলে জানিয়েছেন গবেষক দলের প্রধান বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারের সর্পবিদ মো. সোহেল রানা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে আজকের এই দিনে
রোববার (২৯ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
১৩১ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে যে মাছ, গবেষণায় চমকপ্রদ তথ্য
যুক্তরাষ্ট্রের মিজৌরি নদীতে বসবাসকারী ব্লু সাকার প্রজাতির মাছ ১৩১ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। সম্প্রতি এক গবেষণায় মাছটির আয়ু সম্পর্কে এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে। এত দিন বিজ্ঞানীদের ধারণা ছিল, এই প্রজাতির মাছ সর্বোচ্চ ৪০ বছর বাঁচে।
১৩১ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে যে মাছ, গবেষণায় চমকপ্রদ তথ্য
কুয়াশার পরশে হেমন্ত, অপেক্ষা শীতের
ভোরের আকাশ তখনও পুরোপুরি ফর্সা হয়নি। চারপাশে ছড়িয়ে আছে স্নিগ্ধ নীরবতা।
কুয়াশার পরশে হেমন্ত, অপেক্ষা শীতের
ইতিহাসে আজকের এই দিনে
শনিবার (২৮ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
গুগল ম্যাপসে নতুন ফিচার, ভ্রমণ পরিকল্পনা থেকে পার্লারের অ্যাপয়েন্টমেন্ট সবই মিলবে
ভ্রমণ পিপাসু ব্যক্তিদের সুবিধার জন্য গুগল ম্যাপসের ‘আস্ক ম্যাপস’ ফিচারে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন টুল। এর সাহায্যে এক দিনের ভ্রমণ থেকে শুরু করে দীর্ঘ ছুটির জন্যও তৈরি করা যাবে ধাপে ধাপে ভ্রমণসূচি। নতুন এই সুবিধায় ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী প্রতিদিনের ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে দেবে গুগল ম্যাপস। কোথায় ঘুরবেন, কোন পথে যাবেন, কোথায় বিরতি নেবেন সবকিছুরই একটি সাজানো তালিকা পাওয়া যাবে। শুধু পরিকল্পনা তৈরি নয়, যাত্রাপথে প্রয়োজনীয় হালনাগাদ তথ্য জানতেও সাহায্য করবে এই ফিচার। অ্যাপয়েন্টমেন্ট খুঁজবে ম্যাপস ভ্রমণ ছাড়া দৈনন্দিন নানা কাজেও সহায়তা করবে নতুন টুল। বিউটি পার্লার, পোষ্য পরিচর্যা, গাড়ি মেরামত কিংবা বাড়ির মেরামতের জন্য কাছাকাছি বিভিন্ন প্রতিষ্ঠানের খালি সময় খুঁজে দেখা যাবে। কোন প্রতিষ্ঠানে কখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে, তা দেখে নিজের সময় অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবহারকারীরা। যাত্রাপথেই মিলবে প্রয়োজনীয় তথ্য নতুন টুলের সাহায্যে প্রতিদিনের ভ্রমণসূচির পাশাপাশি প্রতিটি গন্তব্যের জন্য মানচিত্রে নম্বরযুক্ত পিন দেখা যাবে। ফলে কোন জায়গার পর কোথায় যেতে হবে, তা সহজেই বুঝতে পারবেন পর্যটকেরা। ভ্রমণসূচিতে থাকবে স্থানীয়দের জানা নানা পরামর্শও। যাত্রাপথে যানজটের অবস্থা, দোকান বা রেস্তরাঁ খোলা আছে কি না, কিংবা পরবর্তী গন্তব্যের পরিবেশ কেমন এ ধরনের তাৎক্ষণিক তথ্যও পাওয়া যাবে। ফলে আগে থেকে তৈরি পরিকল্পনা বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে নেওয়া সহজ হবে। কোনও কারণে পরিকল্পনা বদলাতে হলে নতুন করে সব সাজানোর প্রয়োজন নেই। গুগল ম্যাপসকে নির্দেশ দিলেই ভ্রমণসূচিতে পরিবর্তন আনা যাবে। যেমন, নির্দিষ্ট পথে দুপুরের খাবারের জন্য একটি বিরতি যোগ করতে বলা যেতে পারে।  পরিকল্পনায় থাকা যে কোনও গন্তব্যে ট্যাপ করলেই সেখানে পৌঁছনোর দিকনির্দেশনা পাওয়া যাবে। তৈরি করা ভ্রমণসূচি বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগও রয়েছে। চাইলে সেটি গুগল ডকসেও রফতানি করা যাবে। বন্ধুদের সঙ্গে ভাগ করা তালিকাও খুঁজে দেবে গুগল ম্যাপসে সংরক্ষণ করে রাখা পছন্দের জায়গার তালিকা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়াও সহজ হবে। ‘আস্ক ম্যাপস’-কে প্রশ্ন করলেই সংরক্ষিত তালিকা থেকে প্রয়োজনীয় জায়গা খুঁজে দিতে পারবে। যেমন, পাঁচজনের বসার জায়গা রয়েছে এবং আগামী ৩০ মিনিটের মধ্যে যাওয়া যাবে এমন রেস্তোরাঁ বা অন্য কোনও জায়গা খুঁজে দিতে বলা যাবে। ম্যাপস তখন সরাসরি পাওয়া তথ্য যাচাই করে সম্ভাব্য জায়গাগুলো দেখাবে। কোথায় চালু হচ্ছে নতুন সুবিধা? গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য পর্যায়ক্রমে নতুন আপডেট চালু হচ্ছে। বছরের শেষের ছুটির ভ্রমণ পরিকল্পনার কথা মাথায় রেখেই এই উদ্যোগ। ইউরোপের ৩০টি দেশে, যার মধ্যে স্পেন, যুক্তরাজ্য ও জার্মানি রয়েছে, নতুন সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে। ভ্রমণ পরিকল্পনা তৈরি এবং সংরক্ষিত জায়গার তালিকা খোঁজার টুল ‘আস্ক ম্যাপস’ যেখানে চালু রয়েছে, সেই ২০০টিরও বেশি দেশে পাওয়া যাবে। তবে ‘নো বিফোর ইউ গো’ নামে পথসংক্রান্ত পরামর্শ এবং অ্যাপয়েন্টমেন্ট খোঁজার সুবিধা আপাতত প্রথমে যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে। প্রযুক্তি সংস্থাগুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সময়সাপেক্ষ কাজ সহজ করার দিকে এগোচ্ছে। গুগল ম্যাপসের এই উদ্যোগও সেই প্রবণতারই অংশ। ভ্রমণ পরিকল্পনা থেকে শুরু করে দৈনন্দিন অ্যাপয়েন্টমেন্ট খোঁজাসহ একাধিক কাজ একই জায়গায় করার সুযোগ তৈরি করছে নতুন ফিচারটি। আরটিভি/এসআর
গুগল ম্যাপসে নতুন ফিচার, ভ্রমণ পরিকল্পনা থেকে পার্লারের অ্যাপয়েন্টমেন্ট সবই মিলবে
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০
চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন
চবির উন্নয়নে ৪ হাজার ১৯৯ কোটি টাকার মহাপরিকল্পনা
মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া-গাড়ি ভাঙচুর