
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি মাছ ধরার জাহাজ থেকে ৪ দশমিক ৮৭ টন কোকেন জব্দ করেছে ফরাসি নৌবাহিনী। ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ করা মাদকদ্রব্যগুলো অস্ট্রেলিয়ায় পাচারের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
ফ্রেঞ্চ পলিনেশিয়ায় ফ্রান্সের হাই কমিশনের এক বিবৃতিতে জানানো হয়, বড় পরিসরের জনবল ও সরঞ্জাম ব্যবহার করে ১৬ জানুয়ারি মধ্য আমেরিকা থেকে আসা ওই জাহাজটিকে আটক করে ফরাসি সশস্ত্র বাহিনী।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জাহাজটি টোগোর পতাকাবাহী ছিল এবং এর গন্তব্য ছিল অস্ট্রেলিয়ার বাজার। জাহাজে থাকা ১০ জন হন্ডুরাস ও একজন ইকুয়েডরের নাগরিক ক্রু সদস্যকে ফ্রান্সে বিচারের আওতায় আনা হবে না। তবে তাদের নিজ নিজ দেশ চাইলে আইনি ব্যবস্থা নিতে পারবে।
জাতিসংঘের তথ্যমতে, সাম্প্রতিক বছরগুলোতে কোকেন ও মেথামফেটামিন পাচারকারী সংগঠিত অপরাধচক্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের কার্যক্রম বাড়িয়েছে। উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে বিপুল পরিমাণ মাদক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারে পাচার করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।
আরটিভি/এমএইচজে/এসআর




