পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৩৪ এএম


পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান সীমান্ত উত্তজনা যখন বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রে, ঠিক তখনই এক অভাবনীয় মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প পাকিস্তানের বর্তমান নেতৃত্ব এবং সামরিক সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বলিষ্ঠ নেতৃত্বে দেশটি বর্তমানে ‘অসাধারণ’ ভালো করছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানায়। 
 
হোয়াইট হাউসের ওই ব্রিফিংয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সশস্ত্র সংঘাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে কি না—এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প  বলেন, ‘আমি এই পরিস্থিতিতে মধ্যস্থতা বা হস্তক্ষেপ করতেও পারি। আপনারা হয়তো জানেন যে, পাকিস্তানের সঙ্গে আমার ব্যক্তিগত ও কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত চমৎকার, যা দিন দিন আরও দৃঢ় হচ্ছে।’ 

আরও পড়ুন

তিনি বিশেষভাবে শাহবাজ শরিফকে একজন ‘দারুণ প্রধানমন্ত্রী’ এবং আসিম মুনিরকে একজন ‘অসাধারণ জেনারেল’ হিসেবে অভিহিত করে তাদের প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা প্রকাশ করেন। 

বিজ্ঞাপন

অন্যদিকে, সীমান্তে চলমান এই যুদ্ধ ও সংঘাতের ফলে আফগানিস্তানে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে জাতিসংঘ। 

সংস্থাটির মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, বছরের পর বছর ধরে চলা যুদ্ধ, চরম দারিদ্র্য এবং একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কারণে আফগানিস্তানের প্রায় অর্ধেক জনসংখ্যা ইতিমধ্যে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বর্তমানে আফগানিস্তানে প্রায় ২ কোটি ২০ লক্ষ পুরুষ, নারী ও শিশুর জরুরি ভিত্তিতে খাদ্য ও চিকিৎসার প্রয়োজন। 

বিজ্ঞাপন

জাতিসংঘের পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের মানবিক সহায়তাকর্মীরা মাঠ পর্যায়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। স্টিফেন ডুজারিক বলেন, ‘আমরা আমাদের অংশীদারদের সঙ্গে নিয়ে দুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং যেখানেই সম্ভব সহায়তা চালিয়ে যাচ্ছি। তবে যুদ্ধের ডামাডোল বাজলে এই সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।’ 

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission