এক হৃদয়ছোঁয়া ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে এক বৃদ্ধ ভ্যানচালককে দেখা গেছে নিজের ভ্যানে পাঁচটি পথকুকুরকে নিয়ে ঘুরতে।
ভিডিওতে দেখা যায়, ভ্যানে নানা জিনিসপত্র ও ব্যাগের মাঝে পাঁচটি কুকুর আরামে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ প্রথমে ভ্যান টেনে নিয়ে যাচ্ছিলেন, কিছু দূর যাওয়ার পর তিনি ক্লান্ত হয়ে ভ্যানে বসে পড়েন। এরপর তিনি কুকুরগুলোর সঙ্গে স্নেহভরে সময় কাটান, তাদের আদর করেন। কুকুরগুলোও তাঁর চারপাশে ঘোরাঘুরি করে এবং লেজ নাড়িয়ে সাড়া দেয়।
ভিডিওটি ‘বিদিত শর্মা’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। ঘটনাটি কোথায় বা কখন ঘটেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বৃদ্ধের মানবিক আচরণের প্রশংসা করেছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেন, অল্প সম্বল থাকলেও মানবিকতা সবকিছুর চেয়ে বড় এই বৃদ্ধ সেটাই প্রমাণ করেছেন।
ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
আরটিভি/এসকে



