
এক দশক আগে গরিলা হারাম্বের মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছিল যুক্তরাষ্ট্রের সিনসিনাটি চিড়িয়াখানা। এবার একই চিড়িয়াখানায় প্রাণ হারাল সবার প্রিয় জলহস্তী ফিওনা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দর্শনার্থীর ফেলে যাওয়া একটি টুপি খেয়ে অসুস্থ হওয়ার পর মারা যায় নয় বছর বয়সী প্রাণীটি।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ফিওনার শরীর থেকে টুপিটি বের করার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোক প্রকাশ করেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে হারাম্বের সঙ্গে ফিওনার স্বর্গে মিলিত হওয়ার কৃত্রিম ছবি ছড়িয়ে পড়ে।
২০১৬ সালে একটি শিশু হারাম্বের খাঁচায় পড়ে যাওয়ার পর নিরাপত্তার কথা বিবেচনা করে গরিলাটিকে গুলি করে হত্যা করেন চিড়িয়াখানার কর্মীরা। এ ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল। পরে হারাম্বের খাঁচার নিরাপত্তাব্যবস্থা আরও শক্ত করা হয়।
অন্যদিকে, ফিওনার মৃত্যুর ঘটনায় চিড়িয়াখানার মুখপাত্র জানান, একটি টুপি দুর্ঘটনাক্রমে তার খাঁচায় পড়ে যায়। সেটি ছাদের পাখায় লেগে দর্শনার্থীদের দেখার জায়গার ওপরের ছোট ফাঁক দিয়ে ভেতরে চলে যায়। দুই প্রাণীর মৃত্যুর ঘটনায় আবারও প্রাণীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
সূত্র: এনবিসি নিউজ
আরটিভি/জেএমএ


