ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

আগুন নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১১:১৬ পিএম
ছবি: সংগৃহীত

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় মাঝআকাশে দুটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার (২ আগস্ট) এথেন্সের পশ্চিমে সাথা এলাকায় আগুন নেভানোর সময় দুটি বেল হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয় বলে জানিয়েছে গ্রিসের ফায়ার সার্ভিস।

এদিকে করিন্থ উপসাগরের তীরবর্তী পোর্তো জেরমেনো এলাকাতেও আরেকটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। আগুন পাহাড় পেরিয়ে একটি সামরিক ফায়ারিং রেঞ্জে পৌঁছালে সেখানে অবিস্ফোরিত গোলাবারুদ সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা দেখা দেয়।

বর্তমানে প্রায় ৫০০ দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পাশাপাশি ফ্রান্স ও রোমানিয়া থেকেও অতিরিক্ত সহায়তা পৌঁছেছে।

অল্প বৃষ্টিপাত ও তীব্র তাপপ্রবাহের কারণে চলতি গ্রীষ্মে ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে।

গ্রিসে কয়েকদিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও আবার নতুন করে বিভিন্ন স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। প্রবল বাতাস কিছুটা কমে এলেও আগুন ভেনিজা গ্রামে পৌঁছে গেছে। মেগারা উপকূলীয় শহরে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে প্রাণপণ চেষ্টা চালানো হচ্ছে।

দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১০ হাজার হেক্টরেরও বেশি জমি পুড়ে গেছে।

আগিওস কনস্তানতিনোস গ্রামের বাসিন্দা ৬১ বছর বয়সী তাসোস জেমবেলিকোস বলেন, গত রাত থেকেই আগুন জ্বলছে। সব জায়গায় দমকল পৌঁছানো সম্ভব নয়। তাই আমরা স্থানীয় বাসিন্দারাই নিজেদের সাধ্যমতো আগুন নেভানোর চেষ্টা করছি।

এদিকে কেফালোনিয়া দ্বীপে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে ৪৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফ্রান্সের জিরন্দ ও ভার অঞ্চলের দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও বিচ্ছিন্নভাবে আগুন জ্বলছে। স্পেনের মধ্যাঞ্চলেও গত সপ্তাহে কয়েক হাজার হেক্টর বনভূমি পুড়ে গেলেও অধিকাংশ এলাকায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিছু স্থানে আবারও আগুন জ্বলে উঠছে।

স্পেনের কাসেরেস প্রদেশে সরিয়ে নেওয়া প্রায় ৮০০ বাসিন্দাকে নিজ নিজ বাড়িতে ফিরতে দেওয়া হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় তাদের ঘরের মধ্যেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দাবানলের পাশাপাশি ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ নতুন সংকট তৈরি করেছে। হাঙ্গেরিতে দানিউব নদীর পানি রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় চার দশকের মধ্যে প্রথমবারের মতো দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার সতর্ক করে বলেছেন, দানিউবের পানি কমে যাওয়া, পারমাণবিক কেন্দ্র বন্ধ থাকা এবং শতাধিক শহর ও গ্রামে পানি ব্যবহারে বিধিনিষেধ জারির কারণে দেশটি অত্যন্ত সংকটপূর্ণ সময় পার করছে।

এদিকে সার্বিয়াতেও খরার কারণে দানিউব নদীর পানির স্তর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ফলে দেশটির জলবিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

জ্বালানিমন্ত্রী দুব্রাভকা জেদোভিচ হানদানোভিচ জানান, দেশটির সবচেয়ে বড় দুটি জলবিদ্যুৎ কেন্দ্র বর্তমানে তাদের উৎপাদন সক্ষমতার মাত্র ২০ থেকে ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করছে। গত পাঁচ থেকে ছয় সপ্তাহ ধরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় দানিউব নদীর পানির স্তর ক্রমাগত কমে যাচ্ছে। সূত্র: আলজাজিরা।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাজ্যের লেস্টারশায়ারে ছয় বছর বয়সী এক মেয়েশিশুকে টানা চার বছর যৌন নির্যাতনের দায়ে জেমা বেকার (৪২) নামে এক নারীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মেয়েশিশুকে চার বছর যৌন নির্যাতন করেন এই নারী, অতঃপর...
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার দিন দিন আরও বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, পেট্রলসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। এতে আগামী ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়াতে পারে বলে অর্থনীতিবিদদের পূর্বাভাস আরও জোরালো হলো।
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নিয়ন্ত্রণ নির্ধারণে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত মধ্যবর্তী নির্বাচন। হাউস অব রিপ্রেজেন্টেটিভসের  ৪৩৫টি আসন এবং সিনেটের ৩৫টি আসনসহ গভর্নর ও বিভিন্ন স্টেইট পর্যায়ের পদে ভোট দেবেন ভোটাররা।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
শীতকালে ঘর গরম রাখার খরচ কমাতে নিউইয়র্কের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তার আবেদন প্রক্রিয়া চলতি বছর সোমবার(২ নভেম্বর) থেকে শুরু হয়েছে চলবে ১৬ এপ্রিল ২০২৭ তারিখ পর্যন্ত।  
নিউইয়র্কে শীতের খরচ মেটাতে ৯৯০ ডলার সহায়তা, আবেদন করবেন যেভাবে
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চলতি বছরের ১৪ জানুয়ারি ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিতের ঘোষণা দেয়। পরে ২১ আগস্ট নিউইয়র্কের একটি ফেডারেল আদালত এ সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেন।
আদালতের নির্দেশেও কাটেনি জট, যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা
আরও পড়ুন
গাজীপুরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন
পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি, ফেসবুক পোস্টকারী রাজিব আটক
ঢাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার নামিয়ে আগুন দিলেন ছাত্রদল নেতা
পোশাক কারখানায় আগুন, শ্রমিকদের অবরোধে ঘটনাস্থলে যেতে পারছে না ফায়ার সার্ভিস