
সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে আত্মঘাতী হামলার খবর ভুয়া বলে দাবি করেছে সৌদি আরব। তবে এই আতঙ্ক ছড়ানো ও পথচারীদের হেনস্তা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
সৌদি পাবলিক সিকিউরিটি এজেন্সি জানিয়েছে, অভিযুক্তকে সঙ্গে সঙ্গেই আটক করে পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছিল যে, মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী বোমা হামলা প্রতিহত করা হয়েছে। তবে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা।
মূলত ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসের একটি পুরোনো ভিডিওর ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করে এই গুজব ছড়ানো হয়েছিল, যেখানে এক ব্যক্তি মানসিক সমস্যায় ভুগে কাবা শরিফের কাছে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এই ঘটনার সঙ্গে আত্মঘাতী বোমা হামলার কোনো সম্পর্ক নেই। এ ধরনের গুজবে কান না দিয়ে কেবল সরকারি সূত্র থেকে সঠিক তথ্য জানার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: মিডলইস্ট মনিটর।
আরটিভি/ এসকেডি




