ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কে হতে যাচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম
ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের শিবিরের মধ্যে চলছে প্রতিদ্বন্দ্বিতা। ছবি: কাল্পনিক

ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বিরোধী শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ভোট গণনায় নেতানিয়াহুর দল লিকুদ এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা এখনো নিশ্চিত হয়নি। ফলে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনভর ইসরায়েলে ভোটগ্রহণ চলে। স্থানীয় সময় রাত ১০টায় (জিএমটি ২০:০০) ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পরপরই ভোট গণনা শুরু হয়।

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৭ লাখের বেশি ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের ৫৫ দশমিক ৪ শতাংশ। গণনা করা বৈধ ভোটের মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি পেয়েছে ২০ দশমিক ৮ শতাংশ ভোট। দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি, তাদের ভোট ১৭ দশমিক ০৬ শতাংশ।

তৃতীয় অবস্থানে উঠে এসেছে নাফতালি বেনেটের নেতৃত্বাধীন টুগেদার জোট। তারা পেয়েছে ৯ দশমিক ২ শতাংশ ভোট। ভোট গণনা এখনো শেষ হয়নি। ফলে এ ফল পরিবর্তন হতে পারে।

নির্বাচনের পর সম্ভাব্য আসনসংখ্যা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের বুথফেরত জরিপেও ভিন্নতা দেখা গেছে। কান ও চ্যানেল ১৩-এর জরিপে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এবং বিরোধী শিবির—উভয়েই ৫১টি করে আসন পেতে পারে। অন্যদিকে, কোনো জোটের সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন দলগুলো পেতে পারে ১৮টি আসন।

এন১২-এর জরিপে নেতানিয়াহুর জোটের সম্ভাব্য আসনসংখ্যা ৫২, বিরোধী শিবিরের ৪৯ এবং অন্য দলগুলোর ১৯টি। ইসরায়েলের পার্লামেন্টে মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। ফলে জরিপ অনুযায়ী, কোনো শিবিরই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।

বিশ্লেষকদের মতে, এ নির্বাচন ইসরায়েলের রাজনৈতিক ভবিষ্যৎ, বিচার বিভাগের ভূমিকা এবং নিরাপত্তানীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। চ্যাথাম হাউসের সহযোগী গবেষক জুলি নরম্যানের মতে, নির্বাচনের মধ্য দিয়ে দেশটির রাজনীতিতে নতুন দিকনির্দেশনা আসার সুযোগ রয়েছে।

তবে নির্বাচনী প্রচারে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি বড় গুরুত্ব পায়নি। নরম্যানের মতে, নির্বাচনের ফল ফিলিস্তিনের ভবিষ্যতের ওপরও প্রভাব ফেলতে পারে।

চূড়ান্ত ভোট গণনা এবং সরকার গঠনের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত নেতানিয়াহু ক্ষমতায় থাকবেন, নাকি সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বে বিরোধী শিবির সরকার গঠনের সুযোগ পাবে—তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সূত্র: আল জাজিরা নিউজ ১, নিউজ ২

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুসলিমদের ছাড়া ইসরায়েলের কোনো দলই সরকার গঠন করতে পারছে না
ইসরায়েলের ফিলিস্তিনি মুসলিম নাগরিকদের ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার ফলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট এবং বিরোধী দলীয় জোট উভয় পক্ষই সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে।  স্থানীয় সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার পর প্রকাশিত সমীক্ষায় দেখা যায়, ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের বিপরীতে নেতানিয়াহুর জোট ৫০টি আসন এবং বিরোধী জোট ৫৩টি আসন পেতে পারে। ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দুটি প্রধান রাজনৈতিক দল জয়েন্ট লিস্ট এবং রাম যৌথভাবে ১৭টি আসন অর্জন করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।  এই ফলাফলের মাধ্যমে দেশটির পার্লামেন্টে আরব আইনপ্রণেতাদের আসন সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে প্রায় ৭৩ লাখ যোগ্য ভোটারের মধ্যে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ, যা দুই দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। ২০২২ সালের নির্বাচনের তুলনায় ভোটদানের হার বেড়েছে প্রায় ৭ শতাংশীয় পয়েন্ট। বিশ্লেষকদের মতে, ভোটের ফল শেষ পর্যন্ত বুথফেরত জরিপের কাছাকাছি থাকলে নেতানিয়াহুর জোট বড় ধাক্কার মুখে পড়তে পারে। তবে আইজেনকোটও এখন পর্যন্ত স্পষ্ট বিজয়ী হিসেবে আবির্ভূত হননি। চূড়ান্ত ফলের পর ছোট দলগুলোর সমর্থন সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কোনো পক্ষ সরকার গঠনে ব্যর্থ হলে আবারও নির্বাচন আয়োজনের প্রয়োজন হতে পারে। সূত্র: মিডল ইস্ট আই। আরটিভি/এসআর
মুসলিমদের ছাড়া ইসরায়েলের কোনো দলই সরকার গঠন করতে পারছে না
ইসরায়েলে ক্ষমতার লড়াই, সমাধান নেই নেতানিয়াহু-আইজেনকোটের
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইসরায়েলে ক্ষমতার লড়াই, সমাধান নেই নেতানিয়াহু-আইজেনকোটের
‘নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ’, সরকার গঠনের দাবি বিরোধী নেতার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট।
‘নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ’, সরকার গঠনের দাবি বিরোধী নেতার
ইসরায়েলে নির্বাচনের ভোট গণনা চলছে
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে।
ইসরায়েলে নির্বাচনের ভোট গণনা চলছে
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন / নেতানিয়াহু-বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে বুথফেরত জরিপে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট ও বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
নেতানিয়াহু-বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
আরও পড়ুন
ইসরায়েলে ক্ষমতার লড়াই, সমাধান নেই নেতানিয়াহু-আইজেনকোটের
‘নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ’, সরকার গঠনের দাবি বিরোধী নেতার
নেতানিয়াহু-বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
নেতানিয়াহুর ক্ষমতা কি এবার শেষ? ইসরায়েলে ভোট আজ