
উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে ইউরোপের বিভিন্ন দেশ বেশ জনপ্রিয়। পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট শর্তে এসব দেশে খণ্ডকালীন কাজের সুযোগও রয়েছে। তবে দেশভেদে কাজের অনুমতি, সাপ্তাহিক কর্মঘণ্টা ও মজুরির হার ভিন্ন।
শিক্ষার্থীদের কাজের সুযোগ ও গড় আয়ের হিসাবে ইউরোপের ১০টি দেশের তালিকা তুলে ধরা হলো—
১. আইসল্যান্ড
আন্তর্জাতিক শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২২ দশমিক ৫ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি আয় ১৬ থেকে ১৮ ইউরো। এ হিসাবে মাসে গড়ে প্রায় ১ হাজার ৬০৬ ইউরো আয় করা সম্ভব, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা।
২. নরওয়ে
নরওয়েতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১৬ দশমিক ৮৬ ইউরো। মাসে গড়ে প্রায় ১ হাজার ৪৯০ ইউরো বা প্রায় ২ লাখ ১০ হাজার টাকা আয় হতে পারে।
৩. আয়ারল্যান্ড
শিক্ষাবর্ষ চলাকালে সপ্তাহে ২০ ঘণ্টা এবং ছুটির সময়ে সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘণ্টা কাজের সুযোগ রয়েছে। ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১৩ দশমিক ৫০ ইউরো। মাসে গড়ে প্রায় ১ হাজার ১৭০ ইউরো বা প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা আয় হতে পারে।
৪. ডেনমার্ক
ডেনমার্কে শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১৪ দশমিক ৭৪ ইউরো বা ১১০ ড্যানিশ ক্রোনা। মাসে গড়ে প্রায় ৮ হাজার ৫০০ ক্রোনা, অর্থাৎ ১ হাজার ১৩৮ ইউরো বা প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা আয় করা সম্ভব।
৫. যুক্তরাজ্য
অধিকাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১২ দশমিক ২১ পাউন্ড বা ১৪ দশমিক ৯ ইউরো। মাসে প্রায় ৯৭৭ পাউন্ড বা ১ হাজার ১২৭ ইউরো আয় হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।
৬. সুইডেন
সুইডেনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সাপ্তাহিক কর্মঘণ্টার সীমা নেই। তবে বেশির ভাগ শিক্ষার্থী সপ্তাহে প্রায় ২০ ঘণ্টা কাজ করেন। মাসিক গড় আয় প্রায় ১২ হাজার ৫০৩ সুইডিশ ক্রোনা বা ১ হাজার ১১৩ ইউরো, যা প্রায় ১ লাখ ৫৬ হাজার টাকা।
৭. স্পেন
স্পেনে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ৩০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ৯ দশমিক ২৬ ইউরো। মাসে গড়ে প্রায় ১ হাজার ১১১ ইউরো বা প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা আয় হতে পারে।
৮. জার্মানি
ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীরা জার্মানিতে সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১২ দশমিক ৮২ ইউরো। এতে মাসে প্রায় ১ হাজার ১১১ ইউরো বা প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা আয় করা সম্ভব।
৯. বেলজিয়াম
বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ চলাকালে সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১২ দশমিক ৮২ ইউরো। মাসে গড়ে প্রায় ১ হাজার ৫৩ ইউরো বা প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা আয় হতে পারে।
১০. লুক্সেমবার্গ
লুক্সেমবার্গে শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ১৫ ঘণ্টা কাজ করতে পারেন। কর্মঘণ্টার সীমা তুলনামূলক কম হলেও ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১৮ ইউরো। মাসে গড়ে প্রায় ১ হাজার ৮০ ইউরো বা প্রায় ১ লাখ ৫২ হাজার টাকা আয় হতে পারে।
তবে এসব আয় গড় হিসাব। প্রকৃত আয় কাজের ধরন, কর্মঘণ্টা, কর, দক্ষতা ও নিয়োগদাতার ওপর নির্ভর করে কম-বেশি হতে পারে। একইভাবে শিক্ষার্থীদের কাজের অনুমতি ও কর্মঘণ্টার নিয়মও সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।
আরটিভি/এসকে


