
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) জার্মান পুলিশের বরাত দিয়ে জানা যায়, গত শনিবার রাতে পশ্চিম জার্মানির কোলন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরী দুই বন্ধুর সঙ্গে অবস্থান করছিল। এ সময় প্রায় ১ দশমিক ২ মিটার উচ্চতার একটি রোবট তার কাছে এগিয়ে যায়।
পুলিশের অভিযোগ, লাল ও সোনালি রঙের রোবটটি কিশোরীর নিতম্বে স্পর্শ করে এবং যৌন হয়রানিমূলক ভঙ্গিতে নড়াচড়া করে। এ ঘটনায় কিশোরীকে চিৎকার করে সরে যেতে দেখা যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রোবটটির মালিক বলে সন্দেহ করা হচ্ছে ১৬ বছর বয়সী এক কিশোরকে। তার সঙ্গে থাকা ১৯ বছর বয়সী আরেক তরুণের বিরুদ্ধে অভিযোগ, তারা দুজন মিলে ঘটনাটি ভিডিও করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেন। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করেন।
টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মানুষের মতো দেখতে লাল ও সোনালি রঙের রোবটটি দুই তরুণের সঙ্গে রয়েছে। একপর্যায়ে রোবটটি এক কিশোরীর শরীরের সঙ্গে ঘেঁষে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে একটি গাড়ির পেছনের মালপত্র রাখার জায়গা থেকে রোবটটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, রোবটটির মালিক সেটি সেখানে লুকিয়ে রেখেছিলেন।
এ ঘটনায় রোবটটি এবং দুই সন্দেহভাজনের ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করেছে পুলিশ। অভিযোগের বিষয়ে দুই তরুণের বিরুদ্ধে তদন্ত চলছে।
তবে তদন্ত এখনো চলমান। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।
সূত্র: এএফপি
আরটিভি/এসকে




