
তীর্থযাত্রা শেষে বাড়ি ফেরার পথেই ভয়াবহ সড়ক দুর্ঘটনা। উত্তরপ্রদেশের বাগপত জেলায় তীর্থ যাত্রীবাহী একটি গাড়ি সড়কের বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জনের বেশি। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে বাগপত জেলার পূর্বাঞ্চলীয় পরিধি মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
সোমবার (৭ সেপ্টেম্বর) পুলিশ জানিয়েছে, নিহত ও আহতরা সবাই উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার বাসিন্দা। তারা রাজস্থানের বাগাড় ধাম থেকে তীর্থযাত্রা শেষে বাড়ি ফিরছিলেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গাড়িটিতে মোট ৩২ জন তীর্থযাত্রী ছিলেন। রাত প্রায় ১টার দিকে খেকড়া কোতওয়ালি এলাকার বাসি ও বড়া গ্রামের মাঝামাঝি স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা দেয়। এরপর গাড়িটি উল্টে যায়।দুর্ঘটনার পর গাড়ির ভেতর থেকে যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশ ও উদ্ধারকারী কর্মীরা সেখানে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এ ঘটনায় বদায়ুঁতে নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তীর্থযাত্রা শেষে নিরাপদে বাড়ি ফেরার বদলে একসঙ্গে এত মানুষের মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
আরটিভি/এমএ


