
বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে নতুন করে তৈরি হয়েছে শঙ্কা। উত্তর আন্দামান সাগর ও আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যা আগামী ১৯ সেপ্টেম্বরের দিকে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সৃষ্টির পর নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর অনুকূল পরিবেশ পেলে সেটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এখনই সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম ‘অর্ণব’ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ, কোনো সিস্টেম ঘূর্ণিঝড়ের পর্যায়ে পৌঁছানোর পরই নির্ধারিত নাম দেওয়া হয়। সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে উত্তর ভারত মহাসাগরের নামের তালিকা অনুযায়ী এর নাম হবে ‘অর্ণব’। নামটি প্রস্তাব করেছে বাংলাদেশ।
বর্তমান পূর্বাভাসে সম্ভাব্য সিস্টেমটির গতিপথ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে হওয়ার ইঙ্গিত রয়েছে। তবে এর সুনির্দিষ্ট গতিপথ ও সম্ভাব্য আঘাতের স্থান এখনো নিশ্চিত নয়। আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপটি তৈরি হওয়ার পর এর গতিপথ ও শক্তি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
এদিকে সম্ভাব্য সিস্টেমটির প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত বাড়তে পারে। ইতোমধ্যে সংশ্লিষ্ট অঞ্চলে বজ্রপাত, দমকা হাওয়া ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক দিন সিস্টেমটির গতিপথ ও শক্তি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। এ মুহূর্তে ‘অর্ণব’ কবে বা কোথায় আঘাত হানবে এমন নির্দিষ্ট পূর্বাভাস দেওয়ার মতো পর্যাপ্ত তথ্য নেই।
আরটিভি/এসকে




