
ভারতে নির্বাচনি অনিয়মের অভিযোগে প্রতিবাদ কর্মসূচি ঘিরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ শীর্ষ নেতারা আটক হয়েছেন। তাদের অনুপস্থিতিতে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি ও দলের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন মহারাষ্ট্রের ৩৫ বছর বয়সী অজিঙ্কা শিন্ডে।
দায়িত্ব পেয়েই সমর্থকদের দিল্লির যন্তর মন্তরের দিকে এগিয়ে যেতে এবং পুলিশ যেখানে বাধা দেবে, সেখানেই প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে শিন্ডে বলেন, আমাদের ঐক্য দেখে সরকার ভয় পাচ্ছে। দয়া করে যন্তর মন্তরে আসুন। পুলিশ যদি আপনাদের বাধা দেয়, সেই জায়গাকেই যন্তর মন্তরে পরিণত করুন।
এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, ৩৫ বছর বয়সী অজিঙ্কা শিন্ডে মহারাষ্ট্রের বাসিন্দা। কম্পিউটার বিজ্ঞানে স্নাতক শেষ করে তিনি পুনেতে একটি আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি করেন। পরে চাকরি ছেড়ে আম আদমি পার্টিতে (এএপি) কর্মী হিসেবে যোগ দেন। তার বাবা-মা আলিবাগে কৃষিকাজ করতেন। পরে তারা লাতুরে বসতি গড়েন।
অভিজিৎ দীপকের সঙ্গে শিন্ডের পরিচয় দীর্ঘদিনের। তাদের প্রথম দেখা হয়েছিল ২০১৬ সালে গোয়ায়। এরপর থেকে তারা একসঙ্গে কাজ করছেন।
এএপিতে যোগ দেওয়ার পর শিন্ডে পিম্পরি-চিঞ্চওয়াড় অঞ্চলে দলের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরে চাকরি ছেড়ে রাজনীতিতে পুরোপুরি যুক্ত হন। এরপর এক বছর গোয়ার নির্বাচনি প্রচারে কাজ করেন।
তবে সেখানে এএপির জন্য কোনো আসন নিশ্চিত করতে পারেননি। পরে তিনি এএপির মহারাষ্ট্র শাখায় যোগ দেন। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক সমন্বয়ক এবং দলের যুব শাখার মহারাষ্ট্র আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের আগস্টে অভিজিৎ দীপকে শিন্ডেকে সিজেপির জাতীয় পর্যায়ের দলে অন্তর্ভুক্ত করেন। তাকে দলের জাতীয় সাংগঠনিক কার্যক্রমের দায়িত্বও দেওয়া হয়। তবে সিজেপির জাতীয় নির্বাহী কমিটিতে শিন্ডের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
গুজরাটের দুই স্বেচ্ছাসেবক দীপকের বিরুদ্ধে ঘনিষ্ঠ সহযোগীদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলেছিলেন। দলের নেতৃত্বের ক্রমে দীপক, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের পরেই শিন্ডের অবস্থান। চলতি বছরের জুলাইয়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে প্রতিবাদ কর্মসূচিতে এই তিন নেতা দলের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।
শীর্ষ তিন নেতার আটকের পর শিন্ডেকে আন্দোলনের দায়িত্ব দেওয়াকে তার সাংগঠনিক অবস্থানের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
আরটিভি/এসআর



