
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্টের পদ ছাড়ার পর তার নামে কেউ কোনো স্থাপনা বা প্রকল্পের নাম রাখবে না। এ কারণেই বর্তমানে বিভিন্ন স্থাপনা ও প্রকল্পে নিজের নাম যুক্ত করছেন তিনি।
সম্প্রতি ‘নিউইয়র্ক ম্যাগাজিন’এর সাংবাদিক বেন টেরিসের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প। তাকে ডেমোক্র্যাট সিনেটর জন অসফের একটি মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হয়। অসফ বলেছিলেন, ট্রাম্প নিজের জন্য স্মৃতিস্তম্ভ তৈরি করছেন, কারণ তিনি ক্ষমতা ছাড়ার পর অন্য কেউ তা করবেন না।
জবাবে ট্রাম্প বলেন, এটা সত্যি। আমি চলে যাওয়ার পর কেউ তা করবে না। আমি যখন এখান থেকে চলে যাব, তখন কেউ করবে না।
প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটন ডিসিতে একাধিক বড় নির্মাণ ও সংস্কার প্রকল্প হাতে নিয়েছেন ট্রাম্প। এসব প্রকল্পের কয়েকটিতে নিজের নাম যুক্ত করার উদ্যোগ নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।
হোয়াইট হাউসের পূর্ব পাশের উইং ভেঙে সেখানে বিশাল একটি বলরুম নির্মাণ করছেন ট্রাম্প। এ প্রকল্পে তার নাম থাকবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, থাকা উচিত। তবে শেষ পর্যন্ত নাম যুক্ত করা হবে কি না, সে বিষয়ে নিশ্চিত নন বলেও জানান তিনি।
বলরুম নির্মাণের পাশাপাশি কেনেডি সেন্টারের নাম পরিবর্তন, ওয়াশিংটনের বিভিন্ন স্থাপনা ও স্মৃতিস্তম্ভে পরিবর্তন এবং নতুন নির্মাণ প্রকল্প নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ট্রাম্পের প্রশাসনের দাবি, হোয়াইট হাউসের নতুন বলরুম ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো জাতীয় নিরাপত্তা এবং প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। তবে প্রকল্পটির বৈধতা ও বিপুল ব্যয় নিয়ে সমালোচনা রয়েছে।
নিজের নাম ব্যবহারের প্রবণতা শুধু স্থাপনা নির্মাণেই সীমাবদ্ধ নেই। ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি ও কর্মসূচিতেও তার নাম যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ট্রাম্প অ্যাকাউন্টস’, ‘ট্রাম্পআরএক্স’ ও ‘ট্রাম্প গোল্ড কার্ড’।
এদিকে সাম্প্রতিক সময়ে নিজের মৃত্যুর বিষয়েও প্রকাশ্যে কথা বলতে দেখা গেছে ট্রাম্পকে। এর আগে তিনি বলেছিলেন, সম্ভব হলে তিনি স্বর্গে যেতে চান। এসব বক্তব্যকে তার রাজনৈতিক উত্তরাধিকার ও জীবনের শেষ অধ্যায় নিয়ে ট্রাম্পের ভাবনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
আরটিভি/এসকে


